গঙ্গাসাগর মেলায় পূর্ব রেলের রেকর্ড! ৭২ থেকে বেড়ে ১২৬, পুণ্যার্থীদের জন্য বিশেষ ট্রেনের ছড়াছড়ি

আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬-কে কেন্দ্র করে পুণ্যার্থীদের যাতায়াত আরও সুগম করতে নজিরবিহীন প্রস্তুতি নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। গত বছরের তুলনায় ট্রেনের সংখ্যা এক লাফে অনেকটা বাড়িয়ে এবার মোট ১২৬টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর এই সংখ্যাটি ছিল মাত্র ৭২।

এই বিশাল সংখ্যক ট্রেন পরিষেবার খুঁটিনাটি খতিয়ে দেখতে সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার শ্রী পঙ্কজ যাদব উচ্চপদস্থ আধিকারিক ও সুপারভাইজারদের সঙ্গে একটি কৌশলগত বৈঠক করেন। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেলা চলাকালীন কন্ট্রোল অফিসই হবে রেলের ‘মেরুদণ্ড’। ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রেন চলাচলে যাতে এক চুলও ফাঁক না থাকে, তার জন্য অফিসারদের ‘ফিল্ড মনিটরিং’-এ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তার বিষয়ে কোনো আপস করতে রাজি নয় রেল কর্তৃপক্ষ। পঙ্কজ যাদব কড়া ভাষায় সতর্ক করেছেন যে, মেলা চলাকালীন কোনো প্রকার ‘মানবিক ত্রুটি’ বরদাস্ত করা হবে না। দায়িত্বে অবহেলা বা ভুল সিদ্ধান্তের কারণে যাত্রীদের অসুবিধা হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিয়ালদহ ডিভিশন আশা করছে, এই অতিরিক্ত ১২৬টি ট্রেনের ফলে স্টেশনে ভিড় কম হবে এবং লক্ষ লক্ষ তীর্থযাত্রী নির্বিঘ্নে কপিল মুনির আশ্রমে পৌঁছাতে পারবেন।