আমেরিকায় আটক ২ ভারতীয় পাচারকারী! ট্রাকে মিলল ৩০০ পাউন্ড কোকেন, ১ লাখ মানুষের প্রাণ সংশয়!

আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী দুই ভারতীয় নাগরিককে ৩শ পাউন্ডেরও বেশি কোকেন পাচারের অভিযোগে গ্রেফতার করেছে সেদেশের ফেডারেল অফিসাররা। ধৃতরা একটি ট্রাকে করে এই বিপুল পরিমাণ মাদক নিয়ে যাওয়ার সময় ইন্ডিয়ানার পুটনাম কাউন্টিতে ধরা পড়ে। ধৃতদের নাম গুরপ্রীত সিং (২৫) এবং জসবীর সিং (৩০)। গত ৪ জানুয়ারি তাঁদের গ্রেফতার করা হলেও চলতি সপ্তাহে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

লক্ষাধিক আমেরিকানের প্রাণহানির ঝুঁকি মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট (ICE) সংস্থা জানিয়েছে, ধৃতরা অবৈধ পথে আমেরিকায় প্রবেশ করেছিল। গোয়েন্দাদের দাবি, বাজেয়াপ্ত হওয়া কোকেনের পরিমাণ এতটাই বেশি যে তা প্রায় ১ লাখ ১৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মাত্র ১.২ গ্রাম কোকেন একজন মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। বিস্ময়কর বিষয় হলো, অবৈধভাবে থাকা সত্ত্বেও ধৃতদের কাছে ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে ইস্যু করা বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল।

নিরাপত্তা ও নীতি নিয়ে বিতর্ক তদন্তে জানা গিয়েছে, গুরপ্রীত সিং ২০২৩ সালে অ্যারিজোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। অন্যদিকে, জসবীর সিং ২০১৭ সাল থেকে আমেরিকায় অবৈধভাবে বসবাস করছেন। জসবীর এর আগেও ক্যালিফোর্নিয়ায় চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, কিন্তু আইনি জটিলতায় ছাড়া পেয়ে যান। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের উদার নীতির তীব্র সমালোচনা করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তাদের দাবি, প্রশাসনের গাফিলতি ও শিথিল নীতির কারণেই অপরাধী মানসিকতার অবৈধ প্রবাসীরা বাণিজ্যিক লাইসেন্স পেয়ে মাদক পাচারের সুযোগ পাচ্ছে।