BJP শাসিত রাজ্যে বাদ রেকর্ড সংখ্যক ভোটার, খসড়া তালিকা প্রকাশ হতেই শোরগোল উত্তরপ্রদেশে

‘তারিখ পে তারিখ’-এর দীর্ঘ টালবাহানা শেষে প্রকাশিত হলো উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা। আর সেই তালিকা সামনে আসতেই চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় উত্তরপ্রদেশ থেকে বাদ পড়লেন রেকর্ড সংখ্যক ভোটার। তথ্য বলছে, বিজেপি শাসিত এই রাজ্যে খসড়া তালিকা থেকে ২ কোটি ৮৯ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে।

‘ভুতুড়ে’ ভোটার ও স্থানান্তরের রেকর্ড: নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, যোগীরাজ্যের বৈধ ভোটারের সংখ্যা ১৫.৪৪ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫-এ।

  • মৃত্যু: প্রায় ৪৬.২৩ লক্ষ মৃত ভোটারের নাম বাদ পড়েছে, যাদের আক্ষরিক অর্থেই ‘ভূত’ বলে চিহ্নিত করা হয়েছে।

  • স্থানান্তর: সবচেয়ে বড় অংশ অর্থাৎ ২.১৭ কোটি ভোটার বর্তমানে সেই ঠিকানায় থাকেন না।

  • দ্বৈত ভোটার: ২৫.১৭ লক্ষ ভোটারের নাম একাধিক স্থানের তালিকায় থাকায় তা বাদ দেওয়া হয়েছে।

বাংলার সঙ্গে তুলনা ও রাজনৈতিক তরজা: বিজেপি নেতারা অতীতে দাবি করেছিলেন, বাংলায় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীর নাম রয়েছে। কিন্তু কমিশনের তথ্য বলছে অন্য কথা।

  • বাংলায় নাম বাদের হার যেখানে মাত্র ৮ শতাংশ (প্রায় ৫৮ লক্ষ), সেখানে উত্তরপ্রদেশে সেই হার ১৮ শতাংশ

  • অর্থাৎ নাম বাদের নিরিখে বাংলার তুলনায় যোগীরাজ্যের পরিস্থিতি অনেক বেশি সংঘাতপূর্ণ।

লখনউয়ে সবথেকে বেশি কোপ: কমিশন সূত্রে খবর, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকেই সবচেয়ে বেশি ভোটার (১২ লক্ষ) তালিকা থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, ললিতপুর জেলা থেকে সবচেয়ে কম (৯৫,৪৫০ জন) ভোটারের নাম বাদ পড়েছে।

বিরোধীদের আক্রমণ: ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধী শিবির। তাঁদের প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যে এত বিপুল পরিমাণ ‘ভুতুড়ে’ ভোটার এল কোথা থেকে? বিশেষ করে যেখানে ‘রোহিঙ্গা’ ও ‘অনুপ্রবেশকারী’ নিয়ে বিজেপি সরব ছিল, সেখানে তাঁদের খাসতালুক উত্তরপ্রদেশের এই পরিসংখ্যান গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। তবে এটি এখনই চূড়ান্ত নয়; শুনানি পর্ব শেষে আগামী ৬ মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।