পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত! পহেলগাঁও হামলার বদলা নিতে সিন্ধুর জল রুখতে বড় চাল মোদী সরকারের

পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে চরম শিক্ষা দিতে কোমর বেঁধে নেমেছে ভারত। সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসবাদের মোক্ষম জবাব দিতে এবার ‘জল-অস্ত্র’ ব্যবহারের পথে হাঁটল মোদী সরকার। সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করার পর এবার জম্মু-কাশ্মীরের পাহাড়ি নদীগুলোতে বিশাল আকারের চারটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভারতের এই পদক্ষেপে কার্যত মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কায় কাঁপছে পাকিস্তান।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ‘পাকাল দুল’ এবং ‘কিরু’ প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে। এছাড়া ২০২৮ সালের মার্চের মধ্যে ‘কাওয়ার’ প্রজেক্ট এবং ‘রাটল’ বাঁধের কাজও শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল খট্টর জম্মু-কাশ্মীর সফর করে বাঁধগুলোর পরিস্থিতি খতিয়ে দেখার পরেই এই কড়া নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, চেনাব বা চন্দ্রভাগা নদী পাকিস্তানের কৃষি ও অর্থনীতির লাইফলাইন। পাকিস্তানের জলের চাহিদার প্রায় তিন-চতুর্থাংশ মেটায় ভারত থেকে বয়ে যাওয়া এই নদীগুলো। সিন্ধু অববাহিকার ওপর পাকিস্তানের কৃষিকাজের ৯০ শতাংশ নির্ভরশীল। কিস্তওয়ারে নির্মাণাধীন ১০০০ মেগাওয়াটের ‘পাকাল দুল’ প্রকল্পটি চেনাব নদীর ওপর ভারতের বৃহত্তম এবং উচ্চতম বাঁধ হতে চলেছে। এই প্রকল্পগুলো সম্পন্ন হলে ভারত নিজের জল ব্যবহারের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে পাবে, যা পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থায় বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে— সীমান্তে রক্ত আর নদীতে জল আর একসাথে বইবে না।