বাতিল ওবিসি সার্টিফিকেট নিয়ে এসআইআরে বড় ধাক্কা! হাইকোর্টের কড়াকড়ির পর নয়া নির্দেশ কমিশনের

রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার মাঝেই এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে কমিশন জানিয়ে দিল, ২০১০ সালের পর থেকে ইস্যু করা ওবিসি (OBC) শংসাপত্রগুলি এসআইআর প্রক্রিয়ায় পরিচয়পত্র বা নথি হিসেবে ব্যবহার করা যাবে না। আদালতের নির্দেশে যে সমস্ত শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলির বৈধতা এই প্রক্রিয়ায় শূন্য বলে গণ্য করা হবে।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই মর্মে একটি মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের আবেদন ছিল, এসআইআর বা নথি যাচাইয়ের কাজে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র যাতে ব্যবহার না করা হয়। গত বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জাতীয় নির্বাচন কমিশনের ওপর ছেড়েছিলেন। আদালত কমিশনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলাশাসকদের কাছে কড়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এসআইআর শুনানির সময় শুধুমাত্র ২০১০ সালের আগে পর্যন্ত দেওয়া ওবিসি শংসাপত্রগুলিই গ্রাহ্য হবে। এছাড়া, গত বছর ১২ জুন রাজ্য সরকার ওবিসি-র যে নতুন তালিকা তৈরি করেছে, সেটিকেও কমিশন মান্যতা দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে শংসাপত্র পাওয়া কয়েক লক্ষ মানুষের নথি যাচাইয়ের ক্ষেত্রে বড়সড় জটিলতা তৈরি হতে পারে। সুপ্রিম কোর্টে এই মামলা বর্তমানে বিচারাধীন থাকলেও, বর্তমান এসআইআর পর্বে ১৩টি প্রামাণ্য নথির তালিকা থেকে বাতিল ওবিসি শংসাপত্র কার্যত বাদ পড়ল।