বিপত্তি জসিডি-ঝাঁঝা রুটে! সেতুর ওপর থেকে ছিিটকে পড়ল সিমেন্ট বোঝাই ট্রেন, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু? তদন্তে রেল।

রাত তখন প্রায় সাড়ে ১১টা। হাড়কাঁপানো শীতের নিস্তব্ধতা চিরে হঠাৎই এক বিকট শব্দ। বিহারের জামুই জেলায় লাইনচ্যুত হল সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি। আসানসোল রেলওয়ে ডিভিশনের অন্তর্গত জসিডি-ঝাঁঝা সেকশনে ঘটা এই দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, মালগাড়ির প্রায় ১৬টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি বগি সেতু থেকে সরাসরি নিচে বারুয়া নদীতে আছড়ে পড়েছে।

সেতু থেকে সোজা নদীতে:
রেল সূত্রে খবর, তেলওয়া বাজার হাল্টের কাছে ৬৭৬ নম্বর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। মালবাহী ট্রেনটি জসিডি থেকে ঝাঁঝার দিকে যাচ্ছিল। অন্ধকার রাতে ব্রিজের ওপর থেকে একের পর এক সিমেন্ট বোঝাই বগি নিচে পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার জেরে এই গুরুত্বপূর্ণ রুটে আপ ও ডাউন—উভয় লাইনেই ট্রেন চলাচল আপাতত স্তব্ধ হয়ে পড়েছে।

তদন্তে রেল কর্তৃপক্ষ:
পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানিয়েছেন, রেলের পদস্থ আধিকারিকরা ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছেন। ঠিক কী কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা রেল ট্র্যাকে কোনও সমস্যার সন্দেহ করা হচ্ছে।

যাত্রীদের জন্য বার্তা:
দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি সরানোর কাজ এবং লাইন মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। তবে লাইন স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। রেলের পক্ষ থেকে যাত্রীদের ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে এবং স্টেশনে যাওয়ার আগে ট্রেনের বর্তমান অবস্থান যাচাই করে নিতে বলা হয়েছে।

এই দুর্ঘটনার ফলে হাওড়া-দিল্লি মেইন লাইনে যাতায়াতকারী বহু দূরপাল্লার ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তন করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Dipak Barman01
  • Dipak Barman01