মণিপুর-মহারাষ্ট্রকে পিছনে ফেলে বাজিমাত বাংলার! পুরুলিয়ার ক্যারাটে খেলোয়াড়দের দাপটে কাঁপল জাতীয় মঞ্চ।

জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় গোটা দেশের সামনে বাংলার জয়পতাকা ওড়ালো পুরুলিয়ার ১০ জন লড়াকু সন্তান। আসানসোলে আয়োজিত ১৩ তম ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে (13th Open National Karate Championship) অসম, মণিপুর, মহারাষ্ট্র, গুজরাট ও ঝাড়খণ্ডের মতো শক্তিশালী রাজ্যগুলিকে টেক্কা দিয়ে সোনা, রুপো ও ব্রোঞ্জ ছিনিয়ে নিল রঘুনাথপুরের ক্যারাটে খেলোয়াড়রা।

পুরুলিয়ার রঘুনাথপুর ‘এক্সট্রিম ক্যারাটে’ কেন্দ্রের এই ১০ খেলোয়াড় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁদের এই নজরকাড়া সাফল্য কেবল জেলা নয়, গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। জাতীয় স্তরের এই বিশাল মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাঁরা। জযী খেলোয়াড়দের মধ্যে সুদীপ্তা গড়াই, তানিশা মনি এবং দেবমাল্য দত্তরা জানান, “জাতীয় স্তরে এই সাফল্য আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে লক্ষ্য আরও বড় শিরোপা জেতা।”

খেলোয়াড়দের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন রঘুনাথপুরের অভিজ্ঞ প্রশিক্ষক অনিরুদ্ধ দত্ত। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি এই তরুণদের কঠোর প্রশিক্ষণ দিয়ে আসছেন। অনিরুদ্ধবাবু বলেন, “এটি কেবল একটি জয় নয়, এটি পরিশ্রমের ফসল। বাংলার এই সোনার ছেলেমেয়েরা প্রমাণ করে দিল যে সুযোগ পেলে তাঁরা বিশ্বজয় করতে পারে।” এই সাফল্যের খবর আসতেই আনন্দের জোয়ার বইছে রঘুনাথপুরজুড়ে।

Dipak Barman01
  • Dipak Barman01