জেল থেকেই হুঙ্কার ইমরানের! বুশরা বিবির ১৭ বছরের সাজার পরই উত্তাল পাকিস্তান, স্তব্ধ লাহোর!

পাকিস্তানের রাজনীতিতে ফের বারুদের গন্ধ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে ‘হকিকি আজাদি’র লড়াইয়ে নামতেই দেশজুড়ে শুরু হয়েছে ধরপাকড়। তেহরিক-ই-ইনসাফ (PTI) দাবি করেছে, লাহোরে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আগেই ১০০০-এর বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে শাহবাজ শরিফ সরকার। কার্যত অঘোষিত কার্ফু জারি হয়েছে পাঞ্জাব প্রদেশে।
কী এই ‘আসিম আইন’? ইমরান খান জেল থেকেই খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফরিদিকে এক বার্তায় ‘আসিম আইন’-এর বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিয়েছেন। পিটিআই-এর মতে, এই শব্দবন্ধটি বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের আমলের দমনপীড়নকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। যেখানে ভিন্নমত পোষণ করলেই জেল, বাকস্বাধীনতা হরণ এবং দমনই দস্তুর।
লাহোর অবরুদ্ধ, ব্যর্থ করার চেষ্টা পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি লাহোরে আফরিদিকে স্বাগত জানালেও পুলিশের ভূমিকা ছিল মারমুখী। লাহোরে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক ডজন পিটিআই যানবাহন আটকে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নিতে না পারে। তোশাখানা-২ মামলায় ইমরান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশের পরেই এই আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। জেলবন্দি ইমরান সাফ জানিয়েছেন, “দেশের স্বাধীনতার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত।”