পরীক্ষার্থীদের জন্য বড় উপহার মেট্রোর! রবিবার সকালেই খুলছে গেট, মিলবে বাড়তি ট্রেন

বছর শেষে উৎসবের আমেজ আর ভিড় সামলাতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে শুধু উৎসব নয়, এবার পরীক্ষার্থীদের সুবিধার্থেও রবিবার বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর, ২০২৫ (রবিবার) আয়োজিত হতে চলেছে পিএসসি ক্লার্কশিপ (পার্ট ২) পরীক্ষা। ওইদিন পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছানোর ঝক্কি কমাতে ব্লু লাইন এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা এগিয়ে আনা হয়েছে।

সাধারণত রবিবার মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হলেও, ২৮ তারিখ তা শুরু হবে সকাল ৮টা থেকে। মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইনে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৮টায়। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সকাল ৮টা এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৮টা ০২ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। ওইদিন ব্লু লাইনে ট্রেনের সংখ্যা ১৩০ থেকে বাড়িয়ে ১৬৮ করা হয়েছে এবং গ্রিন লাইনে ১০৮টির পরিবর্তে চলবে ১৩১টি মেট্রো।

বিকেলের দিকেও অফিস আওয়ারের মতো ব্যস্ততা সামলাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্লু লাইনে দুপুর ৩টে ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত ১০ মিনিটের পরিবর্তে প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন মিলবে। গ্রিন লাইনেও বিকেল ৪টে থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধান কমিয়ে ১০ মিনিট করা হয়েছে। তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত বিশেষ ট্রেনটি রাত ১০টা ০৫ মিনিটে ছাড়বে। উল্লেখ্য, পার্পল এবং অরেঞ্জ লাইনে ওইদিন কোনো পরিষেবা মিলবে না এবং ইয়েলো লাইনে স্বাভাবিক সূচী বজায় থাকবে।