বিজেপি নেতার অভিনব ‘লাকি ড্র’! বিধায়ক হওয়ার পর পাওয়া সব উপঢৌকন বিলিয়ে দিলেন সাধারণ কর্মীদের মধ্যে।

 

রাজনীতিতে ক্ষমতার দম্ভ আর ব্যক্তিগত প্রাপ্তির মোহ যখন তুঙ্গে, ঠিক তখনই মধ্যপ্রদেশ সরকারের এক মন্ত্রী বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। জনস্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা প্রতিমন্ত্রী নরেন্দ্র শিবাজি প্যাটেল তাঁর রাজনৈতিক জীবনে প্রাপ্ত সমস্ত দামী উপহার নিজের জন্য না রেখে বিলিয়ে দিলেন তাঁর দলের নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যে। এই পদক্ষেপ কেবল রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠেনি, বরং কর্মীদের প্রতি নেতার অকৃত্রিম ভালোবাসার এক অনন্য নজির সৃষ্টি করেছে।

মঞ্চে অভিনব ‘লাকি ড্র’: গত ২২ ডিসেম্বর উদয়পুরা বিধানসভা কেন্দ্রের বরেলিতে আয়োজিত ‘অটল স্মৃতি পর্ব’ অনুষ্ঠানে মন্ত্রী নরেন্দ্র শিবাজি প্যাটেল এমন এক কাণ্ড করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। বিধায়ক ও মন্ত্রী হওয়ার পর গত দু-বছরে তিনি যত সোনা ও রুপোর গয়না, মূল্যবান কয়েন, অষ্টধাতুর মূর্তি, রুপোর নারকেল, দামি শাল ও স্মারক পেয়েছিলেন, তা সবই একটি বড় লাকি ড্র-এর মাধ্যমে বুথ সভাপতি ও কর্মীদের হাতে তুলে দেন। উপহার পাওয়ার পর কর্মীদের চোখেমুখে যেমন খুশির ঝিলিক দেখা যায়, তেমনই মন্ত্রীর চোখে ছিল পরম তৃপ্তির জল।

“তেরা তুঝকো অর্পণ…”: এই ঘটনার পর মন্ত্রী অত্যন্ত আবেগী হয়ে বলেন, “আমি আজ যে বিধায়ক বা মন্ত্রী হতে পেরেছি, তার পেছনে বুথ স্তরের কর্মীদের হাড়ভাঙা খাটুনি রয়েছে। জনজীবনে পাওয়া প্রতিটি সম্মানের প্রকৃত মালিক তারাই। আমার কাছে যা এসেছে, তা আসলে কর্মীদের পরিশ্রমের ফল। তাই এই উপহারগুলো তাদের হাতে তুলে দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।” সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

আসল সম্পদ কর্মীরাই: নরেন্দ্র শিবাজি প্যাটেল ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে লেখেন, “এই সোনা-রুপোর অলঙ্কার কেবল বস্তু নয়, মানুষের ভালোবাসা। কিন্তু আমার জয়ে যাদের নিঃস্বার্থ ত্যাগ রয়েছে, এই সম্মানের দাবিদার তারাই। আজ কর্মীদের মুখে যে হাসির ঝিলিক দেখেছি, সেটিই আমার দু-বছরের মন্ত্রীত্বের সবথেকে বড় প্রাপ্তি।” ক্ষমতার মোহ ভুলে এই ত্যাগের বার্তা দিয়ে নরেন্দ্র প্যাটেল প্রমাণ করলেন যে রাজনীতিতে আনুগত্য ও মূল্যবোধ এখনও হারিয়ে যায়নি।