সলমন ছাড়া বিগ বস ভাবাই অসম্ভব! কেন ছোট পর্দায় আজও অপরাজেয় বলিউডের টাইগার?

২৭ ডিসেম্বর ২০২৫— বলিউড তথা ভারতীয় বিনোদনের অবিচ্ছেদ্য অংশ সলমন খান আজ ৬০ পূর্ণ করলেন। বড় পর্দায় তিনি কখনও রাগি পুলিশ অফিসার, কখনও বা আদর্শ প্রেমিক; কিন্তু টেলিভিশনই তাঁকে আমজনতার কাছে রক্ত-মাংসের ‘বড় ভাই’ হিসেবে তুলে ধরেছে। ২০০৮ সালে ‘দশ কা দম’ দিয়ে যখন তিনি টিভিতে পা রাখেন, তখন তিনি যথেষ্ট নার্ভাস ছিলেন। বাবা সেলিম খানের পরামর্শ ছিল, “লোকেরা আসল সলমনকে গ্রহণ করলে ভালো, না করলে অন্তত সত্যিটা জানবে।” কিন্তু ফল হয়েছিল উল্টো; মানুষ পর্দা নয়, বাস্তবের সলমনকেই বেশি ভালোবেসে ফেলল।
সলমন একবার স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘ওয়ান্টেড’-এর শুটিং চলাকালীন এক বৃদ্ধা তাঁকে দেখে ‘প্রেম’ বা ‘সমীর’ নয়, বরং চিৎকার করে বলেছিলেন ‘দশ কা দম হো না?’ তখনই তিনি বুঝতে পেরেছিলেন, টিভি তাঁকে বাড়ির অন্দরে পৌঁছে দিয়েছে। এরপর ২০১০ থেকে ‘বিগ বস’ ও সলমন খান সমার্থক হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ বছর ধরে বহু প্রতিযোগী এসেছেন, শো-র ফর্ম্যাট বদলেছে, কিন্তু সলমন অপরিবর্তিত। তাঁর শাসন, তাঁর হাসি আর তাঁর ‘উইকেন্ড কা ওয়ার’ ছাড়া এই শো-র রেটিং কল্পনা করাও অসম্ভব।
বর্তমানে গ্যাংস্টারদের হুমকির কারণে সলমন কড়া নিরাপত্তার বলয়ে ‘বিগ বস’-এর শুটিং করেন। সেটে দর্শক প্রবেশ নিষেধ, যাতায়াতে বুলেটপ্রুফ গাড়ি— এত চাপ সত্ত্বেও ক্যামেরার সামনে তিনি সেই পরিচিত মেজাজেই ধরা দেন। সলমনের সবচেয়ে বড় শক্তি তাঁর সততা। নিজের ব্যর্থতা, একাকীত্ব বা জেলের দিনগুলো নিয়ে তিনি দর্শকদের সামনে অকপট। পর্দার সুপারস্টার নয়, বরং বাস্তবের একজন স্বচ্ছ মানুষ হিসেবে নিজেকে মেলে ধরেন বলেই আজ ৬০ বছরে পৌঁছেও সলমন খান ভারতের টেলিভিশনের সবথেকে ভরসাযোগ্য এবং জনপ্রিয় মুখ।