পৌষ পার্বণে মা-ঠাকুমার হাতের স্বাদ! ঘরোয়া পদ্ধতিতে বানান নরম তুলতুলে মালপোয়া, রইল সিক্রেট রেসিপি

সহজ মালপোয়া রেসিপি শীত মানেই পিঠে-পুলির উৎসব। পৌষের এই হিমেল হাওয়ায় বাঙালির ঘরে ঘরে পিঠে খাওয়ার চল দীর্ঘদিনের। কিন্তু আজকের ব্যস্ত জীবনে বাড়িতে দীর্ঘ সময় ধরে পিঠে বানানো অনেকের কাছেই কঠিন কাজ। তাই বলে কি পৌষ পার্বণে মুখরোচক মালপোয়া থেকে বঞ্চিত থাকবেন? একদমই নয়! সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন মা-ঠাকুমার হাতের স্বাদের নরম ও রসালো মালপোয়া।
প্রয়োজনীয় উপকরণ:
১ কাপ ময়দা
হাফ কাপ সুজি (মুচমুচে ভাব আনতে)
১/৪ কাপ গুড় বা চিনি (ব্যাটারের জন্য)
আধ কাপ দুধ
১/৪ চামচ এলাচ গুঁড়ো ও আধ চামচ মৌরি
খোয়া ক্ষীর ও কোরানো নারকেল (স্বাদ বাড়াতে)
ভাজার জন্য তেল বা ঘি
চিনির সিরার জন্য: ১ কাপ চিনি, হাফ কাপ জল, সামান্য এলাচ গুঁড়ো ও কয়েকটা কেশর।
প্রস্তুত প্রণালী: ১. প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি, চিনি, এলাচ গুঁড়ো এবং মৌরি ভালো করে মিশিয়ে নিন। ২. এবার এতে অল্প অল্প করে দুধ, জল এবং খোয়া ক্ষীর মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি যেন প্যানকেকের ব্যাটারের মতো ঘন ও মসৃণ হয়। ব্যাটারটি তৈরি হয়ে গেলে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ৩. অন্য একটি পাত্রে চিনি, জল ও এলাচ ফুটিয়ে ঘন সিরা তৈরি করে নিন। ৪. কড়াইতে তেল বা ঘি গরম করে এক হাতা ব্যাটার মাঝারি আঁচে ছেড়ে দিন। দু’পিঠ সোনালি ও লালচে করে ভেজে নিন। ৫. ভাজা হয়ে গেলে গরম গরম মালপোয়াগুলো চিনির সিরায় ১-২ মিনিট ডুবিয়ে রাখুন। সিরা টেনে নিলে তুলে নিয়ে উপর থেকে পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম নরম মালপোয়া।