আলিপুর আদালতে মুখ পুড়ল কলকাতা পুলিশের! বাংলাদেশি দূতাবাসের সামনে ধৃত বিক্ষোভকারীদের নিয়ে বড় জয়

বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখানোর ঘটনায় ফের আইনি লড়াইয়ে ধাক্কা খেল কলকাতা পুলিশ। গত ২৩ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে পুলিশ যাদের গ্রেফতার করেছিল, আজ আলিপুর আদালত তাদের সকলের জামিন মঞ্জুর করেছে। আদালতের এই সিদ্ধান্তের পর খুশির হাওয়া বিক্ষোভকারী মহলে।
আদালত চত্বরে স্লোগান ও জয়ধ্বনি: জামিনের খবর পৌঁছাতেই আলিপুর আদালত চত্বরে উপস্থিত সনাতনী সংগঠনের সদস্যরা উল্লাসে ফেটে পড়েন। আদালত চত্বরেই শুরু হয় স্লোগান দেওয়া। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, কিন্তু পুলিশ অন্যায্যভাবে তাদের ওপর দমনমূলক পদক্ষেপ নিয়েছে। এদিনের আইনি জয়কে তারা ‘ন্যায়ের জয়’ হিসেবেই দেখছেন।
সরব অর্জুন সিং: এই ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের প্রতিবাদের ভাষাকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করে অর্জুন সিং বলেন, “গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার সবার আছে, কিন্তু মমতা পুলিশ দিয়ে সেই অধিকার কেড়ে নিতে চাইছেন।”
২৩ ডিসেম্বরের সেই বিক্ষোভকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দিলেও শেষ পর্যন্ত আদালতের পর্যবেক্ষণে ধোপে টেকেনি পুলিশের যুক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জামিন রাজ্য পুলিশের জন্য বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।