শাহ-নিশীথ মেগা বৈঠক! শাহের বাংলা সফরের আগে দিল্লিতে তলব, কী নয়া ছক কষছে বিজেপি?

একুশে লক্ষ্যভ্রষ্ট হলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করেছে বিজেপি নেতৃত্ব। আর সেই রণকৌশল সাজাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের ঠিক তিনদিন আগে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা শাহের প্রাক্তন ডেপুটি নিশীথ প্রামাণিক। শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক চলে। রাজনৈতিক মহলের মতে, বাংলা দখলের লড়াইয়ে উত্তরবঙ্গকে দুর্গ হিসেবে ধরে রাখতেই নিশীথকে বিশেষ বার্তা দিলেন শাহ।

উত্তরবঙ্গ ও ছাব্বিশের টার্গেট: বিজেপির অন্দরের খবর, নিশীথকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন খোদ শাহ-ই। ২০১৯ লোকসভায় কোচবিহারে জয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে নিশীথের ঝুলিতে। যদিও ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের কাছে পরাজিত হন, তবুও কোচবিহারে সংগঠনের হাল ধরতে নিশীথই যে দিল্লির প্রথম পছন্দ, তা এই বৈঠক থেকে স্পষ্ট। আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলি সুরক্ষিত রাখাই এখন গেরুয়া শিবিরের প্রধান চ্যালেঞ্জ।

বৈঠকের নেপথ্যে কী? সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে উত্তরবঙ্গের সংগঠন নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন যে, তৃণমূল সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। সেই আবহেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং কোচবিহার সীমান্তে অনুপ্রবেশের মতো স্পর্শকাতর ইস্যুগুলিও এই আলোচনায় উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

অনুপ্রেরণার পাঠ নিলেন নিশীথ: বৈঠক শেষে নিশীথ প্রামাণিক সোশ্যাল মিডিয়ায় লেখেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললে নতুন শক্তি পাওয়া যায় এবং আমি অনুপ্রাণিত হই। মানুষের সেবার কাজ নিরন্তর চালিয়ে যেতে তাঁর কাছ থেকে দিকনির্দেশনা পেলাম।” অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের আগে নিশীথের এই দিল্লি যাত্রা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে।