“আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বন্ধ হোক”,-গবেষণারত ছাত্রীদের কান্না ভেজা প্রতিবাদ

বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় বড়সড় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতিহাস বিভাগের ১৩ জন গবেষক ছাত্রী বৈষম্য ও জালিয়াতির অভিযোগ তুলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে আসা এই মেধাবী শিক্ষার্থীদের অভিযোগ, মেইন ক্যাম্পাসে ভর্তি নিয়ে এখন তাদের জোর করে সুযোগ-সুবিধা বিহীন অ্যাফিলিয়েটেড কলেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, ভর্তির সময় তারা মূল ক্যাম্পাসে ফি জমা দিয়েছিলেন এবং সমস্ত নথিও সেখানেই যাচাই করা হয়েছিল। কিন্তু এখন তাঁদের অন্য কলেজে স্থানান্তর করা হচ্ছে, যা সরাসরি সংরক্ষণের নিয়ম এবং সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। গত ১০ মাস ধরে বিভাগীয় দফতর থেকে প্রশাসনিক অফিসে ঘুরেও কোনো সুরাহা না হওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছাত্রীদের স্পষ্ট অভিযোগ, বিভাগীয় প্রধান ও ডিআরসি ইচ্ছাকৃতভাবে তাঁদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছেন।

বিক্ষোভকারীদের মতে, বাইরের কলেজগুলোতে গবেষণার উপযুক্ত লাইব্রেরি বা পরিকাঠামো নেই। ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই ঘটনায় বর্তমানে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে।