মোদী সরকার সরালেও বাংলায় ফিরলেন গান্ধীজি! ‘কর্মশ্রী’র নাম বদলে ‘মহাত্মা স্কিম’ করলেন মমতা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক নজিরবিহীন ‘নাম-যুদ্ধ’ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের প্রকল্প অর্থাৎ মনরেগা (MGNREGA) থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি। পাল্টা সম্মান জানাতে রাজ্যের নিজস্ব ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে ‘মহাত্মা গান্ধী’র নামে করার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
“আমি সত্যিই লজ্জিত”: বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের একটি অনুষ্ঠান থেকে কেন্দ্রকে কড়া ভাষায় বিঁধে মমতা বলেন, “মনরেগা প্রকল্প থেকে জাতির জনকের নাম সরিয়ে দেওয়া হয়েছে। আমি এই দেশেরই মানুষ হিসেবে সত্যি লজ্জিত। আপনারা কী করে জাতির জনকের নামটাই ভুলে গেলেন?” মমতার দাবি, বিজেপি সরকার সুপরিকল্পিতভাবে ইতিহাস ও ঐতিহ্যের নাম মুছে দেওয়ার রাজনীতি করছে।
বাংলার পাল্টা জবাব: ‘মহাত্মাজি স্কিম’ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আমাদের এখানে কর্মশ্রী প্রকল্প আছে। আজ থেকে সেটার নাম বদলে হবে ‘মহাত্মাজি স্কিম’। আপনারা যদি মহাত্মা গান্ধীকে সম্মান না দিতে পারেন, তবে আমরা দেব। আমরা জানি তাঁকে কীভাবে সম্মান জানাতে হয়।”
কর্মশ্রী বনাম মনরেগা: উল্লেখ্য, কেন্দ্রের টাকা বন্ধ থাকার অভিযোগে গত বছর থেকেই রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে ৫০ থেকে ৬০ দিনের কাজের গ্যারান্টি দিচ্ছিল। এবার সেই প্রকল্পেই ৭৫ থেকে ১০০ দিনের কাজের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি জাতির জনকের নাম জুড়ে একাধারে উন্নয়ন ও রাজনীতির নতুন সমীকরণ তৈরি করলেন মমতা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই নির্বাচন। তার আগে মনরেগা থেকে গান্ধীজির নাম সরানোর ইস্যুটিকে হাতিয়ার করে মানুষের আবেগকে উসকে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। নবান্ন বনাম দিল্লির এই ঠান্ডা লড়াই এখন ‘নামের রাজনীতি’তে এক নয়া মোড় নিল।