ভরা সভায় প্রাক্তন অর্থমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন মমতা! জিএসটি-র ‘সুফল’ নিয়ে চড়ল পারদ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ বড় শিল্প সম্মেলন। সামনে বসে রয়েছেন দেশ-বিদেশের কয়েকশ শিল্পপতি। ঠিক সেই জাঁকজমকপূর্ণ মঞ্চেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা। কেন্দ্রীয় জিএসটি (GST) নীতির সমালোচনা করতে গিয়ে নিজেরই প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডঃ অমিত মিত্রকে জনসমক্ষে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার সেই অমোঘ প্রশ্ন: মঞ্চে বক্তব্য রাখতে রাখতে হঠাৎই অমিত মিত্রের দিকে ঘুরে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছোঁড়েন, “অমিত মিত্র আমাকে বুঝিয়েছিলেন যে একীভূত কর কাঠামো রাজ্যের জন্য ভালো হবে। কিন্তু এখন ওনাকেই ব্যাখ্যা দিতে হবে— কেন জিএসটির নামে রাজ্যের টাকা কেটে নেওয়া হচ্ছে? কেন আমার রাজ্যের ২০,০০০ কোটি টাকা আটকে রাখা হয়েছে?”

অমিত মিত্রের সাফাই বনাম মমতার মেজাজ: মুখ্যমন্ত্রীর এই আকস্মিক আক্রমণে সাময়িক নিস্তব্ধতা নেমে আসে ধনধান্য অডিটোরিয়ামে। নিজের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে অমিত মিত্র জানান, পার্লামেন্টের রিপোর্ট অনুযায়ী জিএসটি ব্যবস্থায় প্রায় ২ লক্ষ কোটি টাকার জালিয়াতি বা ফ্রড ধরা পড়েছে। অর্থাৎ, তিনি ব্যবস্থার ত্রুটির দিকেই আঙুল তোলেন। কিন্তু তাতে সন্তুষ্ট হননি মুখ্যমন্ত্রী। তিনি পাল্টা প্রশ্ন করেন— “আপনি সোজাসুজি বলুন, জিএসটি থেকে রাজ্যের লাভ হচ্ছে নাকি ক্ষতি?”

Decision-এ বড় ‘ভুল’ স্বীকার? রাজনৈতিক মহলের মতে, একসময় যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ‘কোঅপারেটিভ ফেডারেলিজম’-এর স্বার্থে অমিত মিত্রের পরামর্শেই জিএসটি বিলে সমর্থন দিয়েছিল তৃণমূল। কিন্তু বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে দীর্ঘ টালবাহানার পর মমতা এখন মনে করছেন সেই সিদ্ধান্ত ‘মস্ত ভুল’ ছিল। এদিনের সভা থেকে তিনি সাফ জানান, আইজিএসটি (IGST)-র পুরো টাকাই কেন্দ্রের হাতে চলে যাচ্ছে, যার ফলে রাজ্যকে বারবার হাত পাততে হচ্ছে।

জল্পনা তুঙ্গে: শিল্পপতিদের সামনে নিজের উপদেষ্টাকেই এভাবে আক্রমণ করায় প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অনেকে মনে করছেন, নির্বাচনের আগে কেন্দ্রের বকেয়া নিয়ে সুর চড়াতেই নিজের উপদেষ্টাকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী। আবার কারও মতে, শিল্প সম্মেলনের মঞ্চে এই ধরণের ঘরোয়া বিতর্ক বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পাঠাতে পারে।

সব মিলিয়ে, জিএসটি ইস্যুতে মমতার এই ‘রুদ্রমূর্তি’ এখন বঙ্গ রাজনীতির হট টপিক।

Dipak Barman01
  • Dipak Barman01