২০২৬-এ উত্তরপ্রদেশে চাকরির জোয়ার! দেড় লাখ নিয়োগে সবুজ সংকেত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

নতুন বছরে উত্তরপ্রদেশের বেকার তরুণ-তরুণীদের জন্য মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের প্রতিটি সরকারি দফতরে শূন্যপদের তালিকা খতিয়ে দেখার পর ২০২৬ সালের মধ্যে দেড় লাখেরও বেশি সরকারি চাকরি দেওয়ার মেগা পরিকল্পনা অনুমোদন করেছেন তিনি। পুলিশ থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে আবাসন— প্রতিটি সেক্টরেই হবে ঢালাও নিয়োগ।

পুলিশ ও শিক্ষা বিভাগে নিয়োগের পাহাড়: সূত্র অনুযায়ী, এবারের নিয়োগে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে পুলিশ এবং শিক্ষা দফতরে।

পুলিশ বিভাগ: প্রায় ৫০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি চলছে। যার মধ্যে ৩০ হাজার কনস্টেবল, ৫ হাজার সাব-ইন্সপেক্টর এবং ১৫ হাজার অন্যান্য পদ রয়েছে।

শিক্ষা বিভাগ: শিক্ষক থেকে অধ্যক্ষ— ৫০ হাজার শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

কোন দফতরে কত চাকরি? যোগী সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু পুলিশ বা শিক্ষাই নয়, অন্যান্য বিভাগেও বড় সুযোগ আসছে:

রাজস্ব বিভাগ: ২০ হাজার পদ (যার সিংহভাগই লেখপাল)।

অন্যান্য (স্বাস্থ্য, আবাসন, কারাগার ও শিশু বিকাশ): প্রায় ৩০ হাজার পদ।

দশ বছরে ১০ লাখ চাকরির মাইলফলক: গত সাড়ে আট বছরে উত্তরপ্রদেশ সরকার প্রায় ৮.৫ লাখ যুবক-যুবতীকে সরকারি চাকরি দিয়েছে। ২০২৬-এর এই দেড় লাখ নিয়োগ সম্পন্ন হলে, যোগী আদিত্যনাথ হবেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ১০ বছরে ১০ লাখ সরকারি চাকরি দেওয়ার অনন্য রেকর্ড গড়বেন।

স্বচ্ছতায় বাজিমাত: আগের সরকারগুলোর আমল নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির যে অভিযোগ উঠত, যোগী সরকার তা ঝেড়ে ফেলেছে বলে দাবি প্রশাসনিক কর্তাদের। সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ উপায়ে এই বিশাল নিয়োগ সম্পন্ন করাই এখন লক্ষ্য লখনউয়ের। অনেক বিভাগে ইতিমধ্যেই বিজ্ঞাপনের খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

২০২৬ সালকে সামনে রেখে যোগী সরকারের এই ‘চাকরির উপহার’ রাজ্যের নির্বাচনী সমীকরণেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Dipak Barman01
  • Dipak Barman01