‘সেভেন সিস্টার্স’ নিয়ে হুমকির জবাব, বাংলাদেশে ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ করল দিল্লি

চরমপন্থী মৌলবাদীদের হুঙ্কার এবং তলানিতে ঠেকে থাকা নিরাপত্তার মাঝে বাংলাদেশে ভারতীয় ভিসা পরিষেবা নিয়ে বড় পদক্ষেপ নিল নয়াদিল্লি। রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত মূল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

কেন হঠাৎ বন্ধ হলো ভিসা কেন্দ্র? বুধবার দুপুর ২টোর পর থেকে ঢাকার IVAC-এর কাজ স্থগিত করে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। বুধবারের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখের জন্য পুনঃনির্ধারণ করা হবে।” আসলে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে ভারত-বিরোধী কার্যকলাপ চরম আকার ধারণ করেছে। এমনকি ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের মতো হুমকিও দিয়েছে একাধিক কট্টরপন্থী সংগঠন।

সেভেন সিস্টার্স নিয়ে হুমকির পাল্টা জবাব: সম্প্রতি বাংলাদেশের ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মতো চরমপন্থী গোষ্ঠীগুলি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) বিচ্ছিন্ন করার যে ঔদ্ধত্যপূর্ণ হুমকি দিয়েছে, তাতে ক্ষুব্ধ নয়াদিল্লি। এই ঘটনার পরই দিল্লির বিদেশমন্ত্রক বাংলাদেশি হাইকমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাকে তলব করে তীব্র প্রতিবাদ জানায়।

কূটনৈতিক স্তরে চূড়ান্ত সংঘাত: বিদেশমন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে:

  • নিরাপত্তায় গাফিলতি: আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতীয় মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

  • তদন্তের অভাব: ভারতের বিরুদ্ধে যে মিথ্যে ভাষ্য ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তা নিয়ে ইউনূস সরকার কোনও পদক্ষেপ বা তদন্তের নির্দেশ দেয়নি।

  • সরাসরি হুঁশিয়ারি: ভারতের ভূখণ্ড নিয়ে কোনও ধরনের উস্কানি বা হুমকি যে বরদাস্ত করা হবে না, তা রিয়াজ হামিদুল্লাকে সাফ জানিয়ে দিয়েছে সাউথ ব্লক।

প্রেক্ষাপট: আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অস্থিরতা অব্যাহত। ইতিপূর্বেই ভারত তাদের দূতাবাস থেকে বহু কর্মীকে সরিয়ে নিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ইউনূস সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং ক্রমাগত ভারত-বিদ্বেষ ছড়ানোর ফলে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায়।

ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় হাজার হাজার সাধারণ বাংলাদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে আসতে চেয়েছিলেন, তাঁরাও চরম বিপাকে পড়লেন।