বুমরাহর রেকর্ড গুঁড়িয়ে ইতিহাস বরুণ চক্রবর্তীর! মিস্ট্রি স্পিনারের ঝুলিতে এবার আইসিসি-র বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা। তার ঠিক আগেই ভারতীয় ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তী। আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এমন এক উচ্চতায় পৌঁছালেন তিনি, যেখানে আগে কোনো ভারতীয় বোলার পা রাখতে পারেননি। এমনকি জশপ্রীত বুমরাহর দীর্ঘদিনের রেকর্ডও এখন বরুণের দখলে।
বুমরাহকে টপকে শীর্ষাসনে বরুণ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে বরুণের বিষাক্ত ঘূর্ণিতে ছারখার প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। তিন ম্যাচে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন হাতে-নাতে। বরুণের বর্তমান রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮১৮।
২০১৭ সালে জশপ্রীত বুমরাহর ৭৮৩ রেটিং পয়েন্টই ছিল এতদিন কোনো ভারতীয় বোলারের সেরা সাফল্য। সেই মাইলফলক অনায়াসে টপকে গেলেন বরুণ।
আইসিসি-র সর্বকালের সেরা রেটিং পাওয়া প্রথম ১০ বোলারের তালিকায় ৮ নম্বরে জায়গা করে নিলেন তিনি।
দ্বিতীয় স্থানে থাকা জেকব ডাফির থেকে ১১৯ পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বর মুকুট ধরে রেখেছেন তিনি।
গিলকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা: বরুণের এই বিশ্বজয়ের আনন্দের মাঝেও ভারতীয় শিবিরে অস্বস্তির কাঁটা হয়ে বিঁধছে শুভমন গিলের চোট। লখনউতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে গিলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
চোটের বহর: পায়ের পাতায় নতুন করে চোট পেয়েছেন গিল। এর আগে ইডেন টেস্টে ঘাড়ের চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।
ভবিষ্যৎ অধিনায়ক: ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে টি-টোয়েন্টিতেও আগামীর নেতা ভাবা হচ্ছে। কিন্তু বারবার চোট পাওয়ায় বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে কপালে ভাঁজ নির্বাচকদের।
লখনউতে কুয়াশার কারণে ম্যাচ শুরু হতে দেরি হলেও, ড্রেসিংরুমে এখন গিলের চোটের চেয়েও বরুণ চক্রবর্তীর এই ঐতিহাসিক উত্থান নিয়েই চর্চা তুঙ্গে। বিশ্বকাপের আগে বরুণের এই ফর্ম ভারতের খেতাব রক্ষার লড়াইয়ে বড় অস্ত্র হতে চলেছে।