মেসির ভিডিওতে নেই সৌরভ-শাহরুখ, জায়গা পেলেন কেবল এক বলিউড সুন্দরী! কপাল ফিরল ‘বেবো’র

শেষ হল লিওনেল মেসির ঐতিহাসিক ভারত সফর। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি— এই চার শহর ঘুরে দেশে ফিরে গিয়েছেন ফুটবল ঈশ্বর। তবে সফর শেষ হলেও রেশ কাটছে না। ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মেসি, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা।
মেসির ভিডিওতে ‘লাকি’ করিনা: সারা ভারত সফরে বলিউডের একঝাঁক তারকা মেসির সঙ্গে দেখা করেছেন, ছবি তুলেছেন। কিন্তু মেসির শেয়ার করা ভিডিওতে দেখা মিলল একমাত্র করিনা কাপুর খানের। নিজের দুই সন্তানকে নিয়ে মেসির পাশে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে ‘বেবো’কে। অন্যদিকে, ক্রিকেট দুনিয়ার ঈশ্বর শচীন তেন্ডুলকারও জায়গা পেয়েছেন এই ভিডিওতে। কিন্তু ব্রাত্য রয়ে গিয়েছেন শাহরুখ খান বা কলকাতার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
ব্রাত্য কলকাতা? না কি অন্য সমীকরণ? কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে যে তাণ্ডব চলেছিল, তা নিয়ে বিশ্বজুড়ে চর্চা হয়েছে। আয়োজক শতদ্রু দত্তের পুলিশি হেফাজত থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের দাবি— জল গড়িয়েছে অনেক দূর। তবে মেসি নিজে বিতর্কে কান না দিয়ে ভিডিওতে কলকাতার ফুটবল উন্মাদনা এবং নিজের বিশালাকার মূর্তির একটি ঝলক রেখেছেন।
মেসির আবেগঘন বার্তা: ভারতবাসীকে ‘নমস্কার’ জানিয়ে মেসি লিখেছেন—
“নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, কলকাতা এবং হায়দরাবাদে এসে দারুণ অভিজ্ঞতা হল। চমৎকার আতিথেয়তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভারতের ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এটাই কামনা করি।”
কলকাতা সফরে মেসির দেখা না মেলায় রাজ-শুভশ্রীর দৌড়ঝাঁপ থেকে শুরু করে পুলিশের দ্বারস্থ হওয়া— গত কয়েকদিন ধরে যা যা ঘটেছে, তাতে বড় মাপের ইভেন্ট আয়োজনে কলকাতার পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। তবে মেসি তাঁর বিদায় বার্তায় সেই তিক্ততা না রেখে বরং ভারতের ফুটবল অনুরাগীদের ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছেন।