মেসিকে দামি ঘড়ি হাতে পরিয়ে দিলেন অনন্ত, জেনেনিন আরও কী কী গিফট?

ফুটবল মাঠে তিনি জাদুকর, আর মাঠের বাইরে তাঁর জীবন যেন রূপকথা। সম্প্রতি ভারত সফরে এসে গুজরাটের ‘বনতারা’ (Vantara) ভ্রমণে গিয়েছিলেন লিওনেল মেসি। সেখানে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির আতিথেয়তায় মুগ্ধ ফুটবল রাজপুত্র। তবে সফরের সবথেকে বড় চমক ছিল অনন্তের দেওয়া এক বিশেষ উপহার, যার দাম শুনে কার্যত স্তম্ভিত গোটা বিশ্ব।
১০ কোটির ‘টাইমপিস’: বনতারায় পৌঁছানোর সময় মেসির কবজি খালি থাকলেও, ফেরার সময় সেখানে ঝলমল করছিল রিচার্ড মিল RM 003-V2 GMT টুরবিয়োঁ ‘এশিয়া এডিশন’। ঘড়ির দুনিয়ায় এটি কেবল একটি ঘড়ি নয়, বরং একটি ‘কিংবদন্তি’। বাজারদর? প্রায় ১০ কোটি ৯০ লক্ষ টাকা! কালো কার্বন কেস এবং অত্যন্ত জটিল কারিগরি সমৃদ্ধ এই ঘড়িটি বিশ্বে মাত্র ১২টি তৈরি করা হয়েছিল। যার একটি এখন মেসির ব্যক্তিগত সংগ্রহের শোভা বাড়াবে।
ঘড়ি নয়, যেন ফুটবলেরই প্রতিচ্ছবি: বিশেষজ্ঞরা বলছেন, রিচার্ড মিলের এই মডেলটি হালকা অথচ অত্যন্ত শক্তিশালী মেকানিজমে তৈরি। ঠিক যেমন মাঠে মেসির গতি আর নিখুঁত ফুটবল শৈলী। কালো কার্বন কেসের ভেতর দিয়ে দৃশ্যমান ঘড়ির কলকবজা বা ‘স্কেলেটন ডায়াল’ যেন আধুনিক প্রযুক্তির চরম নিদর্শন।
মেসির রাজকীয় সংগ্রহ: আম্বানির দেওয়া এই ঘড়িটি মেসির কালেকশনে থাকা একমাত্র দামি জিনিস নয়। তাঁর সংগ্রহে রয়েছে আরও কিছু দুষ্প্রাপ্য ঘড়ি:
-
রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা ‘লে মানস’: ১৮ ক্যারেট ইয়েলো গোল্ডের এই ঘড়িটি ইতিহাসের সাক্ষী।
-
‘বার্বি’ রোলেক্স ডেটোনা: সারা বিশ্বে মাত্র ১০টি তৈরি হয়েছিল এই গোলাপি টোনের ঘড়ি, যা সাধারণ মানুষের কেনা অসম্ভব।
-
পাটেক ফিলিপ ওয়ার্ল্ড টাইম: যার এনামেল ডায়ালে লেক জেনেভার নকশা করা আছে।
-
প্ল্যাটিনাম নটিলাস: যেটির বেজেলে নীল স্যাফায়ার বসানো।
উপহার না সম্মান? অনন্ত আম্বানি ও মেসির এই সাক্ষাৎ কেবল সৌজন্য বিনিময় নয়, বরং বিশ্বসেরা অ্যাথলিটের প্রতি ভারতের সেরা শিল্পপতির এক অনন্য সম্মান প্রদর্শন বলেই মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মাঠে যেমন মেসি সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখেন, এবার কবজিতেও সেই ‘সময়’কে ধরে রাখলেন এক বিরল ও বহুমূল্য রূপে।