ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ দেখানোয় শোরগোল, ভুল খতিয়ে দেখতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের

বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকায় এবার চরম বিভ্রাট! হুগলির ডানকুনির একজন জলজ্যান্ত তৃণমূল কাউন্সিলরকেই ‘মৃত’ দেখানো হয়েছে। এই ঘটনায় তীব্র শোরগোল শুরু হতেই তৎপর হয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এই ভুলের কারণ জানতে চেয়ে হুগলির জেলাশাসকের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছেন।

জানা গিয়েছে, ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে-কে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে।

‘এটা SIR না ফাজলামি?’

তৃণমূল সূত্রে খবর, নাম বাদের আগে বিএলএ-র (Booth Level Agent) সঙ্গে বিএলও-দের (Booth Level Officer) যে বৈঠক হয়েছিল, তাতে সূর্য দে-র নাম বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না। কিন্তু পরবর্তীকালে বিএলও যখন চূড়ান্ত নাম তোলেন, তখন তাঁর নাম মৃত হিসেবে দেখানো হয়। কীভাবে এই গুরুতর ভুল হলো, সেটাই জানতে চাইছে নির্বাচন কমিশন।

এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। মঙ্গলবার ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত। এটা SIR না ফাজলামি হচ্ছে?”

বিচার না পেলে শ্মশানে গিয়ে তীব্র নিন্দা কাউন্সিলরের

তালিকা দেখে ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর সূর্য দে নিজেই শ্মশানে চলে আসেন। তিনি বলেন, “নিজেই হেঁটে আসলাম, নিজের সৎকারের জন্য। আমি একজন জনপ্রতিনিধি। আমাকে দেখানো হচ্ছে আমি মৃত। তীব্র নিন্দা করছি। আমি এখন শ্মশানে এসেছি। নির্বাচন কমিশনের যাঁরা আধিকারিক রয়েছেন, তাঁদের আবেদন করব, আমাকে এসে চুল্লিতে পুড়িয়ে দিন।”

তৃণমূল প্রথম থেকেই ২ মাসে এই SIR প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে সরব ছিল এবং কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। এর মধ্যেই দলের একজন জনপ্রতিনিধিকে ‘মৃত’ দেখানোয় তৃণমূলের সেই অভিযোগ আরও জোরালো হলো।

Dipak Barman01
  • Dipak Barman01