ঝাড়গ্রাম আদালতে শোকের ছায়া, জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অলকানন্দা সরকারের অস্বাভাবিক মৃত্যু, আবাসন থেকে উদ্ধার দেহ

ঝাড়গ্রাম আদালত চত্বরে জুভেনাইল জাস্টিস বোর্ডের (JJB) বিচারকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে মঙ্গলবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঝাড়গ্রামের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অফ জেজেবি, অলকানন্দা সরকার (৫৬), তাঁর আবাসন থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন।

জানা গিয়েছে, বিচারক অলকানন্দা সরকার আদালত চত্বরে অবস্থিত আবাসনে একাই থাকতেন। এদিন সকালে তাঁর পরিচারক কাজে এসে দরজা ধাক্কা দেন এবং অনেক ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না মেলায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে।

দমকল ডেকে দরজা ভাঙা হলো, মৃত ঘোষণা করলেন চিকিৎসকেরা

পরিস্থিতি বুঝে এরপর দমকল বাহিনীকে ডাকা হয়। দমকল বাহিনী এসে আবাসনের দরজা ভেঙে দেখে, বিচারক অলকানন্দা সরকার অচেতন অবস্থায় বাড়ির মধ্যে পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বিচারকের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই খবর পাওয়ার পর পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নিহত বিচারকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ঝাড়গ্রাম আদালত চত্বর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Dipak Barman01
  • Dipak Barman01