প্রকাশিত হল খসড়া SIR ভোটার তালিকা, কমিশন ওয়েবসাইটে দেখুন নাম ও বাতিল হওয়া তালিকা, তথ্য সংশোধনের জন্য পূরণ করুন ‘ফর্ম ৮’

দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল খসড়া SIR ভোটার তালিকা। ভোটাররা এখন সহজেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট electoralsearch.eci.gov.in-এ ক্লিক করে নিজের এবং পরিবারের সদস্যদের নাম তালিকায় খুঁজে দেখতে পারবেন।

একই সঙ্গে, মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতরের ওয়েবসাইটে বাতিল হওয়া ভোটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে, যা ডাউনলোড করার সুবিধাও রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।

তালিকায় তথ্য ভুল থাকলে কী করবেন?

তবে তালিকা প্রকাশের পরই একাধিক প্রশ্ন উঠেছে। অনেকের নাম তালিকায় থাকলেও নামের বানান, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ অথবা ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যে ভুল ধরা পড়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার কার্ডে বাংলা এবং ইংরেজি—দু’ভাষাতেই তথ্য থাকায় বানান সংক্রান্ত ভুলের সমস্যাও দেখা দিচ্ছে।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ভুল তথ্য সংশোধনের জন্য ভোটারদের ‘ফর্ম ৮’ পূরণের নির্দেশ দিয়েছে। ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে এই ফর্ম পূরণ করতে পারবেন। এছাড়া, ওয়েব ব্রাউজারে ‘Form 8 Voter ID’ লিখে সার্চ করলেও পিডিএফ ফরম্যাট পাওয়া যাবে। চাইলে নিজের এলাকার বিএলও (BLO)-এর কাছ থেকেও এই ফর্ম সংগ্রহ করা সম্ভব।

যে যে তথ্য সংশোধন করা যাবে

ফর্ম ৮-এর মাধ্যমে ভোটাররা নাম, বয়স, ছবি, বাবা বা মায়ের নাম, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক, ঠিকানা, লিঙ্গ এবং জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন করতে পারবেন। পাশাপাশি, ভোটার কার্ডে ই-মেল আইডি এবং মোবাইল নম্বর যুক্ত করার সুবিধাও এই ফর্মের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

Dipak Barman01
  • Dipak Barman01