মহিলাদের পিকনিকে কটূক্তির প্রতিবাদ করায় প্রাক্তন সেনাকর্মীকে বেধড়ক মারধর, ‘জেল-খাটা’ যুবক গ্রেফতার; উত্তপ্ত অশোকনগর

উত্তর ২৪ পরগনার অশোকনগরে মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক প্রাক্তন সেনাকর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক দাগী অপরাধীর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। অশোকনগর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হল সংলগ্ন এলাকায় সোমবার এই ঘটনাটি ঘটেছে।
আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর নাম কিরণ চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় কয়েকজন মহিলা পিকনিক করছিলেন। সেই সময় রাহুল দেবনাথ নামে এক যুবক তার কয়েকজন সঙ্গীর সঙ্গে মত্ত অবস্থায় সেখানে আসে এবং মহিলাদের উদ্দেশ্য করে কটূক্তি শুরু করে। এতে পিকনিকে উপস্থিত মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রতিবাদ করতেই হামলা, রক্তাক্ত প্রাক্তন সেনা
স্থানীয় বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী কিরণ চট্টোপাধ্যায়ের বিষয়টি নজরে আসতেই তিনি এর প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করার পরই রাহুল দেবনাথ কিরণ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এই হামলায় কিরণবাবুর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। ঘটনা চলাকালীন ১৪ বছরের এক নাবালকও আহত হয়।
রক্তাক্ত অবস্থায় কিরণ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে স্থানীয়রা অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত রাহুল দেবনাথকে গ্রেফতার করেছে।
ধৃতের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ
পুলিশ সূত্রে খবর, ধৃত রাহুল দেবনাথের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এর আগে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল এবং জেল খাটার পর সম্প্রতি ছাড়া পেয়েছে। জেল থেকে বেরিয়ে আসার পরই সে ফের এলাকায় অশান্তি সৃষ্টি শুরু করেছে বলেও অভিযোগ।
আক্রান্ত প্রাক্তন সেনাকর্মী কিরণ চট্টোপাধ্যায় বলেন, “আমি ১৮ বছর দেশের সুরক্ষায় কাজ করেছি। জীবনের ভয় কখনও পাইনি। কিন্তু অভিযুক্তের হুমকিতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।” অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর জানিয়েছেন, মারধরের ঘটনায় রাহুল দেবনাথকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতের পূর্বের অপরাধের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় যুক্ত বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।