মেসির সঙ্গে হ্যান্ডশেক করতে ১ কোটি টাকা! GOAT ট্যুরের শেষ দিনে দিল্লিতে কী কী করছেন LM-10?

বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের শেষ দিন আজ। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ঘুরে আজ দিল্লিতে শেষ হচ্ছে এলএম-১০-এর বহু প্রতীক্ষিত GOAT ট্যুর (Greatest Of All Time Tour)। আজ, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছবেন মেসি।

দিল্লিতে মেসির ঠিকানা চাণক্যপুরীর বিলাসবহুল লীলা প্যালেস। জানা গিয়েছে, তাঁর জন্য হোটেলের গোটা একটি ফ্লোর রিজার্ভ করা হয়েছে। মেসি থাকবেন হোটেলের প্রেসিডেন্শিয়াল স্যুটে, যার এক রাতের খরচ সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হোটেল।

এনডিটিভি সূত্রে খবর, হোটেলে বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে নির্দিষ্ট কিছু ভিআইপি অতিথিরাই মেসির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তবে আর্জেন্টাইন তারকার সঙ্গে হাত মেলানো বা কথা বলার জন্য পকেটে যথেষ্ট জোর থাকতে হবে। শোনা যাচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে ১ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে!

আজকের অনুষ্ঠানে মেসি দেশের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করবেন। তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, একাধিক সাংসদ, ক্রিকেটার রোহিত শর্মা এবং অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে পদকজয়ীরা। দিনের শেষে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন যাবেন পুরানা কেল্লাতে। সেখানে স্পনসর আডিডাস (Adidas) একটি বিশেষ ইভেন্টের আয়োজন করেছে। এরপর রাত ৮টায় দিল্লি থেকে তাঁর নিজস্ব জেট, গাল্ফস্ট্রিম-৫, গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।