মেসিকে হাসাতে পারল হায়দরাবাদ, মুখ পোড়াল কলকাতার! যুবভারতীর উল্টো ছবি রাজীব গান্ধী স্টেডিয়ামে, ভাইরাল সেই দৃশ্য

কলকাতা যেখানে বিশ্ব ফুটবলের মেগাস্টার লিওনেল মেসির মুখে হাসি ফোটানো তো দূর, চরম বিশৃঙ্খলার কারণে তাঁকে নির্ধারিত সময়ের আগেই বিতশ্রদ্ধ হয়ে মাঠ ছাড়তে বাধ্য করেছিল—সেখানেই সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল হায়দরাবাদে। হায়দরাবাদ প্রমাণ করল, পেশাদার ইভেন্ট কাকে বলে।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মেসিকে দেখা গেল হাসি মুখে গোটা মাঠ ঘুরে বেড়াতে। তিনি হাত মেলালেন খেলোয়াড়দের সঙ্গে, এমনকী দর্শকদের দিকে শটও মারলেন। ম্যাচ জেতার পর একজন খেলোয়াড়ের মুখে যে চওড়া হাসি দেখা যায়, সেই হাসিই ছিল এলএম-১০ এর মুখে।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ লিওনেল মেসি তাঁর সতীর্থ ল্যুই সুয়ারেজ এবং রড্রিগো ডি’পলকে নিয়ে রাজীব গান্ধী স্টেডিয়ামে পৌঁছান। ভিআইপি বক্সে বসে প্রদর্শনী ম্যাচ দেখার পর তিনি মাঠে নামেন। মাঠে তাঁর সঙ্গে ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রী মেসিকে বল পাস করার চেষ্টা করেছিলেন বটে, তবে ব্যর্থ হন। অন্যদিকে, মেসি অক্লেশে গোল দিয়ে স্টেডিয়ামজুড়ে মুগ্ধতা ছড়ান।
সল্টলেক স্টেডিয়াম যেখানে বিশৃঙ্খলা, ভিড়ের ঠেলাঠেলি এবং ভক্তদের চরম হতাশার প্রতীক হয়ে রইল, সেখানে হায়দরাবাদ শান্ত, সুশৃঙ্খল এবং সফল ইভেন্টের মাধ্যমে মেসির মুখ থেকে হাসি ছিনিয়ে নিতে পারল।