ছিঃ! মিড-ডে মিলের থালায় শিশুদের সঙ্গে খাবার খাচ্ছে ছাগল; অঙ্গনওয়াড়িতে চরম অব্যবস্থা, ভাইরাল ভিডিওতে ঝড়

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল ব্যবস্থা চালু থাকলেও, এর অব্যবস্থা ও দুর্নীতি বারবার দেশের মুখ পুড়িয়েছে। পোকামাকড়ের মতো জঘন্য দৃশ্য সামনে আসার পর এবার তালিকায় যুক্ত হলো আরও এক অবাক করা দৃশ্য—শিশুদের সঙ্গে খাবার ভাগ করে খাচ্ছে ছাগল! মধ্যপ্রদেশের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে।

ঘটনাটি মধ্যপ্রদেশের কাটনি জেলার ধীমারখেদা তহসিলের কোঠি গ্রামের সেহরা টোলায় অবস্থিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুপুরের খাবারের সময় ছোট ছোট শিশুরা মেঝেতে বসে খাবার খাচ্ছে, আর ঠিক সেই সময়ই পড়ুয়াদের জন্য দেওয়া খাবারের থালার পাশে দাঁড়িয়ে নির্বিঘ্নে খেয়ে নিচ্ছে কয়েকটি ছাগল। আশ্চর্যের বিষয়, সেই সময়ে কেন্দ্রের কোনও কর্মীর উপস্থিতিও চোখে পড়েনি। জানা গেছে, ওই এলাকায় সরকারি স্কুল না থাকায় একটি বেসরকারি ভগ্নদশাগ্রস্ত ঘরে অস্থায়ীভাবে এই প্রাক-প্রাথমিক কেন্দ্রটি চালানো হয়।

ভাইরাল ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের অস্বস্তি চরমে পৌঁছেছে। জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী আধিকারিক হরসিমরনপ্রীত কৌর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, বিষয়টি জানার পরেই অবিলম্বে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নারী ও শিশু উন্নয়ন দফতরের প্রোগ্রাম অফিসার বনশ্রী কুর্বেতি জানিয়েছেন যে, সেখানকার সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এই ঘটনাটি মিড-ডে মিলের তহবিল এবং শিশুদের খাবারের গুণমান নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগকে আরও বড় আকার দিল।

Dipak Barman01
  • Dipak Barman01