‘দেবতার মতো পুজো করা তারকাকে দেখতে পেল না ভক্তরা!’ মেসি-বিপর্যয়ে বাংলার আয়োজন নিয়ে যা বললেন ভাইচুং ভুটিয়া

যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে একরাশ হতাশা নিয়ে ফিরেছিলেন লিওনেল মেসির হাজার হাজার ভক্ত। চড়া দামের টিকিট কেটেও তাঁদের ফুটবল নায়ককে কাছ থেকে দেখতে না পাওয়ায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা ও ক্ষোভ। এই চূড়ান্ত অব্যবস্থার পরিপ্রেক্ষিতে এবার সরব হলেন ভারতের প্রাক্তন ফুটবল কিংবদন্তি ভাইচুং ভুটিয়া।

কলকাতায় মেসি ইভেন্টের অব্যবস্থা নিয়ে সরাসরি আয়োজকদের নিশানা করে ভাইচুং বলেন, “আমি মনে করি সফরটি খুব ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। আমার মনে হয় আয়োজকরা ভীষণ চাপের মধ্যে ছিলেন। আমরা যা দেখেছি ও শুনেছি, তাতে দেখা গেছে অনেক অপ্রয়োজনীয় ভিআইপি স্টেডিয়ামে এসে মেসিকে ঘিরে ফেলেছিলেন, আর প্রকৃত ভক্তরা তাঁকে দেখতেই পাননি।”

তিনি আরও যোগ করেন, “আমি আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আয়োজকদের নিশ্চিত করা উচিত যে প্রকৃত ভক্তরা—প্রায় ৮০,০০০ মানুষ যারা দেখতে এসেছিলেন—তাঁরা যেন সত্যিই তাঁদের আদর্শ ও ফুটবল নায়ককে দেখতে পান।”

দূর-দূরান্ত থেকে আশা ভক্তদের বঞ্চনা নিয়ে ভাইচুংয়ের মন্তব্য, “প্রতিটি ভক্তেরই খুবই বিরক্ত হওয়ার কথা। কারণ অনেকেই উত্তর-পূর্ব ভারত থেকেও বহু দূর থেকে এসেছিলেন। তাঁরা টাকা খরচ করে মেসিকে দেখতে আসছেন, অনেক মানুষ তাঁকে প্রায় দেবতার মতো পুজো করেন, আর তাঁরা কিছু অপ্রয়োজনীয়, নিজেদের ভিআইপি বলে দাবি করা লোকের ভিড়ে তাঁকে দেখতে পেলেন না। এটা তো কষ্টের। এই ধরণের ঘটনায় দেশের নাম খারাপ হয়।”

অন্যদিকে, কলকাতার বিপরীতে হায়দরাবাদে মেসি-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় কলকাতার অব্যবস্থা আরও প্রকট হলো।

Dipak Barman01
  • Dipak Barman01