মেসি বিতর্কে গ্রেফতার আয়োজক শতদ্রু দত্ত, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের, কোর্ট চত্বরে বিজেপির বিক্ষোভ

শনিবার লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে হায়দ্রাবাদে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনের চরম বিশৃঙ্খলার ঘটনায় মূল আয়োজক শতদ্রু দত্তকে (Shatadru Dutta) গ্রেফতার করে সিআইএসএফ ও পুলিশ। রবিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই আবহে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।
কোর্ট চত্বরে বিজেপির বিক্ষোভ:
প্রিজন ভ্যান থেকে শতদ্রুকে নামিয়ে আদালতে তোলার সময় কয়েকজন বিজেপি কর্মী আদালত চত্বরে জড়ো হন। তাঁদের হাতে ছিল গেরুয়া পতাকা এবং চপ্পল। পুলিশ তাদের বাধা দিলে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কালকে কী করছিল পুলিশ? ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি করছিলেন।” পরে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁরা ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন।
আদালতে সওয়াল-জবাব:
সরকারি আইনজীবী: আদালতে শতদ্রুর জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী জানান, এই ঘটনায় আরও কারা যুক্ত, সে বিষয়ে তদন্তের জন্য এবং একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের জন্য অভিযুক্তকে হেফাজতে রাখা প্রয়োজন।
শতদ্রুর আইনজীবী: শতদ্রুর আইনজীবী ১৪ দিনের হেফাজতের বিরোধিতা করে বলেন, হেফাজতের দিন কমানো হোক। তাঁর যুক্তি ছিল, শতদ্রু কেবল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
উভয় পক্ষের সওয়াল শোনার পর আদালত শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
শতদ্রুর বিরুদ্ধে মামলা:
উল্লেখ্য, যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শতদ্রু দত্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
বিএনএস-এর ১৯২, ৩২৪, ৩২৬, ১৩২, ১২১, ৪৫, ৪৬ ধারা।
এছাড়াও মোটর ভেইকলস আইন (MPO) এবং পিডিপিপি আইন (Prevention of Damage to Public Property Act)-এও মামলা রুজু হয়েছে।
এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম আগেই জানিয়েছিলেন, এই ঘটনায় কাউকেই ছেড়ে কথা বলা হবে না।