মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে ভাঙচুর যুবভারতীতে! প্রশাসনিক ব্যর্থতার তদন্তে মাঠে নামল মুখ্যমন্ত্রীর কমিটি

শনিবার লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়, তার রেশ এখনও কাটেনি। শতবর্ষ প্রাচীন স্টেডিয়ামটি এখন ভাঙাচোরা এবং লন্ডভন্ড অবস্থায়। হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ অনুরাগীরা অভিযোগ তুলেছেন যে, ভিআইপি এবং প্রভাবশালীদের কারণে বিশ্বতারকাকে ঘিরে রাখা হয়েছিল। এরপরই ক্ষোভের ঢেউ আছড়ে পড়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশে।

এই ঘটনার ভয়াবহতা আরও প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বের কাছে বাংলার মাথা হেঁট হয়েছে। এমন পরিস্থিতির কারণ অনুসন্ধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তদন্তের নির্দেশ দেন এবং মেসি ও তাঁর অনুরাগীদের কাছে ক্ষমা চান।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রবিবার সকালেই সল্টলেক স্টেডিয়াম পরিদর্শনে পৌঁছায় তদন্ত কমিটির সদস্যরা। কেন এই ঘটনা ঘটল, কাদের অঙ্গুলিহেলনে সাধারণ ফুটবলপ্রেমীরা তারকাকে দেখা থেকে বঞ্চিত হলেন—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই কমিটির সদস্যরা এখন যুবভারতীতে।