ট্রেন সফরে এবার মিলবে স্থানীয় স্বাদ, বন্দে ভারত দিয়ে শুরু রেলমন্ত্রীর নতুন ভাবনা, মেনুতে আসছে বড় পরিবর্তন

রেল সফরকে যাত্রীদের জন্য আরও মনোগ্রাহী ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ করতে খাবারের মেনুতে বড় পরিবর্তনের পরিকল্পনা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়া দিল্লির রেল ভবনে রেল আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে তিনি এই নতুন ভাবনাটি ভাগ করে নেন। প্রাথমিকভাবে এটি বন্দে ভারত ট্রেন দিয়ে শুরু করা হবে এবং পরে দেশের অন্যান্য ট্রেনেও ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে।

কী পরিকল্পনা করলেন রেলমন্ত্রী?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পরিকল্পনা অনুযায়ী, বন্দে ভারত ট্রেনে যাত্রীদের যে খাবার পরিবেশন করা হবে, তা আগামী দিনে সেই অঞ্চলের ওপর নির্ভর করবে, যেখান দিয়ে ট্রেনটি যাত্রা করছে। ভারতের বিভিন্ন অঞ্চলের নিজস্ব বিখ্যাত খাবার এবং বিশেষ রন্ধনশৈলী রয়েছে। এবার রেল সিদ্ধান্ত নিয়েছে যে ট্রেনটি যে এলাকা পার হবে, সেখানকারই ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ খাবার যাত্রীদের পরিবেশন করা হবে।

রেলমন্ত্রীর এই ভাবনার মূল উদ্দেশ্য হল— এর মাধ্যমে যাত্রীরা সেই অঞ্চলের সংস্কৃতি এবং স্বাদের সঙ্গে পরিচিত হতে পারবেন। যে সমস্ত যাত্রী নিয়মিত রেলে সফর করেন, তাঁরা সাধারণত মেনুর তারতম্য সম্পর্কে অবগত থাকেন। তবে নতুন এই ব্যবস্থা চালু হলে, ভারতের যে কোনও স্থান দিয়ে সফর করার সময় যাত্রীরা সেই এলাকার নিজস্ব এবং পরিচিত খাবার চেখে দেখার এক নতুন অভিজ্ঞতা লাভ করবেন।

নয়া দিল্লির রেল ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আধিকারিকদের সঙ্গে মন্ত্রীর আলোচনা হলেও, এই নতুন খাদ্য ব্যবস্থা ঠিক কবে থেকে বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।

Dipak Barman01
  • Dipak Barman01