“ক্ষমা চাওয়া যথেষ্ট নয়…’, মেসিকাণ্ডে মমতাকে তুমুল আক্রমণ দিলীপ ঘোষের

শনিবার সকালে বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির কলকাতায় আগমনকে ঘিরে গোটা শহর জুড়েই ছিল উৎসবের আবহ। কিন্তু যুবভারতীতে তাঁর স্বল্পকালীন উপস্থিতি এবং অব্যবস্থাপনার কারণে দর্শকদের ক্ষোভ ও গ্যালারি ভাঙচুরের ঘটনা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কলকাতার এই বিশৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেল শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে, যেখানে হাসিমুখে গোটা মাঠ ঘুরে বেড়ালেন মেসি।

এই ভিন্ন চিত্রের জন্য সরাসরি রাজ্যের তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, এটি কেবল একটি ব্যর্থ আয়োজন নয়, এটি ‘বাঙালির আন্তর্জাতিক অপমান’।

পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগ, “এটি একটি আন্তর্জাতিক অনুষ্ঠান ছিল, সারা দেশের ভক্তরা মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু কেবল তৃণমূলের নেতারাই নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য তাঁকে ঘিরে রেখেছিলেন এবং ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে দেননি।”

বিজেপি নেতার আরও দাবি, যারা ‘কথায় কথায় বাঙালি অস্মিতা ও সংস্কৃতির কথা বলেন, তারাই রাজনৈতিক স্বার্থে বাংলাকে গোটা বিশ্বের সামনে লজ্জার মুখে ফেলেছেন।’ ক্ষুব্ধ দর্শকদের পাশে দাঁড়িয়ে তিনি আয়োজকদের টিকিটের দাম ফেরতের দাবি জানান।

দিলীপ ঘোষ বলেন, অতীতে পেলে, দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তিরা কলকাতায় এসেছেন, কিন্তু এমন বিশৃঙ্খলা কখনও দেখা যায়নি। তাঁর অভিযোগ, খেলার আবেগ নিয়ে রাজনীতি করার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়েই রাজনৈতিক লাভ খোঁজেন… কিন্তু এই ধরনের ছোট মন নিয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান সফল হয় না।”

তাঁর মতে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও সাধারণ দর্শকরা মেসিকে দেখতে পাননি, অথচ মাঠে তৃণমূল কংগ্রেসের নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের সেলফির হিড়িক চলেছে। এই অবিচারই দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এই ঘটনার জেরে বাংলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি ধিক্কার জানিয়েছেন।