কলকাতায় মেসিকে নিয়ে ক্ষোভ, মুম্বাইয়ে অপেক্ষায় বিরাট কোহলি? ভারত সফরের মাঝেই ফিরলেন অনুষ্কা-বিরাট!

লিওনেল মেসির ভারত সফরের শুরুটা কলকাতায় মোটেই সুখকর হয়নি। ফুটবল ঈশ্বরকে এক ঝলক দেখার জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকা ভক্তরা যখন যুবভারতী ক্রীড়াঙ্গনে অব্যবস্থা আর বিশৃঙ্খলার শিকার হয়ে খালি হাতে ফিরলেন, তখন সেই পরিস্থিতি সমালোচনার জন্ম দিয়েছে।

ঠিক এই বিশৃঙ্খলার খবরের মধ্যেই জানা গেল, লন্ডন থেকে আচমকা স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ভারতে ফিরেছেন ভারতীয় ক্রিকেটের তারকা বিরাট কোহলি। বিগত কিছুদিন ধরে বিরাট দেশের বাইরে ছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁর এই দেশে ফেরার মূল উদ্দেশ্য কি তাহলে মেসির সঙ্গে দেখা করা?

মেসি-বিরাট সাক্ষাৎ মুম্বাইয়ে?

মেসির ভারত সফরের পরের গন্তব্য মুম্বাই। সাধারণ মানুষের ধারণা, আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের এই তারকার সঙ্গে হয়তো বিরাট কোহলির দেখা হতে পারে। রবিবার বিকেল পাঁচটায় ওয়াংখেড়েতে মেসির পৌঁছানোর কথা, যার জন্য গোটা স্টেডিয়াম জুড়ে সাজ সাজ রব।

তবে কলকাতার মতো পরিস্থিতি যাতে মুম্বাইয়ে তৈরি না হয়, সেজন্য সরকার ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। স্টেডিয়ামের অতিরিক্ত দর্শক সংখ্যা সামাল দিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ওয়াংখেড়ে। পাশাপাশি, যান চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশ রবিবার দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা ও ডাইভারশন কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যখন গোটা মুম্বাইবাসী মেসির অপেক্ষায় প্রহর গুনছেন, তখন বিরাট কোহলির এই অপ্রত্যাশিত প্রত্যাবর্তন দেখে সাধারণ মানুষ এই দুই তারকার সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু করেছেন।

কলকাতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুধু মুম্বাই নয়, হায়দরাবাদও ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে নিজেকে।

তবে মেসি ভারতে আরও কিছুদিন থাকলেও, আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই ঘরোয়া ক্রিকেট চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত, যার জন্য বিরাট কোহলিকে মাঠে প্রস্তুতি নিতে হবে। তাই একদিকে যেমন অনেকে মনে করছেন, মেসির সঙ্গে দেখা করতে বিরাট ভারতে এসেছেন, তেমনই অন্যদিকে অনেকে মনে করছেন, এটা তাঁর আসন্ন ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি। ‘রথ দেখা আর কলা বেচা’ – বিরাট একসঙ্গে দুটো কাজ করেন কিনা, তা সময়ই বলবে।

Dipak Barman01
  • Dipak Barman01