মেসির পর জুবিন! আগরতলার কনসার্টে চরম বিশৃঙ্খলা, ভিড় সামলাতে হিমশিম পুলিশ, আহত ১০ সাংবাদিক!

একদিকে কলকাতায় লিওনেল মেসিকে নিয়ে ক্ষোভ, ঠিক একই দিনে দেশের আরও এক প্রান্তে ঘটে গেল চরম বিশৃঙ্খলার ঘটনা। ত্রিপুরা রাজ্যের আগরতলায় জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নটিয়ালের কনসার্টে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজক এবং পুলিশকে।
জুবিনের কনসার্টে চরম বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের
আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জুবিন নটিয়ালের কনসার্ট অনুষ্ঠিত হয়। গায়কের আগমনের খবর শহরে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। কিন্তু সেই প্রচারের তুলনায় আয়োজকদের তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ।
অনুষ্ঠান শুরুর আগেই এত বিপুল সংখ্যক শ্রোতা ভিড় জমিয়েছিলেন যে একটা সময় নিরাপত্তারক্ষীরা বাধ্য হয়ে প্রবেশদ্বার বন্ধ করে দেন। কিন্তু তাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলা এমন চরম আকার ধারণ করে যে ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাঠে নামতে হয় এবং লাঠিচার্জ করতে হয়।
এই হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার জেরে প্রায় ১০ জন সাংবাদিক আহত হন। আহত সকলকেই দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই অনুষ্ঠানে জুবিন নটিয়াল ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তারকাদের এই সমাবেশ দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে।
উল্লেখ্য, এই প্রথমবার এমন বিশৃঙ্খলার ঘটনা ঘটল না। গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেও মেসিকে দেখতে এসে সাধারণ মানুষ একই রকম অব্যবস্থার সম্মুখীন হয়েছিলেন। যদিও কলকাতার ঘটনায় কোনও দর্শক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।