বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ৯ দিনের তাণ্ডব! বিশ্বজুড়ে আয় ৩৫৭ কোটি, দেশে ২৫০ কোটির দোরগোড়ায়

রণবীর সিং এবং অক্ষয় খান্না অভিনীত অ্যাকশন-স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটি প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে এক নতুন বেঞ্চমার্ক তৈরি করে। মুক্তির ৯ দিনেও এই ছবির জয়যাত্রা অব্যাহত।
‘ধুরন্ধর’-এর ৯ দিনের আয়ের গ্রাফ: ছবিটি প্রথম দিনে ২৮ কোটি, দ্বিতীয় দিনে ৩২ কোটি এবং তৃতীয় দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা করে। চতুর্থ দিনে ২৩.২৫ কোটি, পঞ্চম দিনে ২৭ কোটি, ষষ্ঠ দিনে ২৭ কোটি, এবং সপ্তম দিনে ২৯.৪০ কোটি টাকা আয় করে। অষ্টম দিনে বক্স অফিসে ১৯.৭৭ কোটি টাকা সংগ্রহের পর, নবম দিনে এই ছবির প্রায় ৯.৬৭ কোটি টাকা আয় করেছে। নবম দিনে হিন্দি বক্স অফিসে অকুপেন্সি ছিল ৪৫.৩৯%।
এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে, ভারতে ছবিটির মোট কালেকশন এখন ২৩৯.৪২ কোটি টাকায় পৌঁছেছে, যা এটিকে ২৫০ কোটির ক্লাবের একেবারে দোরগোড়ায় নিয়ে এসেছে। শুধু দেশেই নয়, বিশ্বজুড়েও ছবিটি দারুণ ব্যবসা করে মোট ৩৫৭.২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে যে ছবিটি দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব ভালোবাসা পাচ্ছে।
‘ধুরন্ধর’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত পারফর্ম করছে। ছবিটি তার দ্বিতীয় শুক্রবারে দারুণ আয় করে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো মেগা হিট এবং রোমান্টিক ছবি ‘সাইয়ারা’-কেও পেছনে ফেলে দিয়েছে।
আদিত্য ধর পরিচালিত এই ছবিটি এক বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। গল্পে রণবীর সিংকে দেখা গেছে একজন আন্ডারকভার গুপ্তচরের ভূমিকায়, যে করাচিতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস করার জন্য পাঠানো হয়। ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে প্রধান ভূমিকায় রয়েছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সৌম্যা ট্যান্ডন, সারা অর্জুন এবং আর. মাধবন।