‘দুইবার হাত নেড়েই চলে যান মেসি’, আয়োজকদের কাছে টাকা ফেরতের দাবি দর্শকদের

ভারতের ফুটবলপ্রেমী শহর কলকাতায় বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ এনেছেন দর্শকরা। বহু প্রতীক্ষিত এই ক্রীড়া আয়োজনে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ভক্ত ভিড় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চরম হতাশা নিয়েই ফিরতে হয়েছে তাদের। ক্ষুব্ধ দর্শকরা এই ঘটনাকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে অভিহিত করে টিকিটের টাকা ফেরত চেয়েছেন।
অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে সাধারণ দর্শকদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। ইভেন্টের প্রবেশ মূল্য সর্বনিম্ন ৫ হাজার টাকা হওয়া সত্ত্বেও রাজনৈতিক নেতা-মন্ত্রী ও ভিভিআইপিদের ভিড় মেসিকে পুরোপুরি ঘিরে রেখেছিল। ফলে দূর থেকে আসা সাধারণ ভক্তরা প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পাননি।
এক ক্ষুব্ধ মেসি-ভক্তের সরাসরি মন্তব্য: “পুরো আয়োজনটাই ছিল চরম বিশৃঙ্খল, ব্যবস্থাপনা জঘন্য। আমরা মেসিকে দেখতে এসেছিলাম, কিন্তু মন্ত্রীরা তাদের সন্তানদের নিয়ে তার পাশে ছিলেন, আর সাধারণ মানুষ কিছুই দেখতে পায়নি। এটা স্পষ্ট প্রতারণা। আমরা আমাদের টাকা ফেরত চাই।”
দর্শকদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) অনুপস্থিতি। অনুষ্ঠানে তার আসার ঘোষণা থাকলেও তিনি শেষ পর্যন্ত আসেননি।
আরেকজন দর্শক বলেন, “ভিআইপিদের ভিড়ে মেসিকে একবারের জন্যও ঠিকমতো দেখা সম্ভব হয়নি। ভিভিআইপিরা সারাক্ষণ মেসির পাশে কেন থাকবে? পুলিশ বা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। সবাই ক্ষুব্ধ, আমরা টাকা ফেরত চাই।”
আরেক দর্শক তার হতাশা প্রকাশ করে বলেন, মেসি মাত্র ১০ মিনিটের জন্য এসেছিলেন এবং তিনি বল স্পর্শও করেননি, কোনো শট বা পেনাল্টিও নেননি। “সব নেতা ও মন্ত্রী তাকে ঘিরে রেখেছিলেন। এত টাকা, সময় আর আবেগ নষ্ট হয়ে গেলো।”
আয়োজক প্রতিষ্ঠান ও সরকারের দিকে আঙুল তুলে এক ক্ষুব্ধ দর্শক বলেছেন, “আমরা বিপুল টাকা খরচ করেছি শুধু মেসিকে দেখার জন্য। কিন্তু এই আয়োজনের মাধ্যমে তার কাছে কী বার্তা গেলো? এটি আয়োজনকারী ও সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক।”