যুবভারতীর তাণ্ডবে ‘ক্ষমা চাইলেন’ মমতা! মেসির জন্য আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল বাংলার, তদন্তে নামলেন মুখ্যসচিব

কলকাতায় লিওনেল মেসিকে দেখার সুযোগ অধরা থাকল, কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম বিশৃঙ্খলা ও দর্শকদের তাণ্ডবের ছবি দেখা গেল, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর চর্চা। স্টেডিয়ামে আসতে গিয়েও মাঝপথ থেকে ফিরে যেতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে বাংলার মুখ পুড়তেই দ্রুত পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি মেসি-সহ সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং একই সঙ্গে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়ার ঘোষণা করেন।
দায়িত্ব পাওয়ার পরই নজিরবিহীন তৎপরতা দেখা গেল প্রশাসনের শীর্ষ মহলে। মুখ্যসচিব মনোজ কুমার পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী দ্রুত গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের কালীঘাটের বাড়িতে। এই তদন্ত কমিটির সভাপতিত্ব করছেন বিচারপতি রায়। বৈঠক শেষে মুখ্যসচিব জানান, “প্রাথমিকভাবে আলোচনায় বসেছিলাম। আলোচনা হয়েছে। পরবর্তীকালে এই কাজ আরও এগোনো হবে।”
কমিটির সভাপতির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় জানিয়েছেন, রিপোর্ট জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে চেষ্টা করা হচ্ছে রিপোর্ট জমা দেওয়ার। ঘটনাস্থলে যাওয়া হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং কর্তাদের সঙ্গে কথা বলা হবে। যেহেতু প্রাথমিকভাবে আলোচনা হয়েছে আজ, তাই বেশি কিছু বলার জায়গা নেই।” তিনি আরও জানান, তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়েছে। তবে এখনই কাউকে দোষী সাব্যস্ত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন, “এখনই কে দোষী কে দোষী নয় তা মূল্যায়ন করা সম্ভব নয়। তদন্ত শুরু হোক তারপরেই গোটা বিষয়টি পরিস্কার হবে।”
এদিকে, এই বিশৃঙ্খলার ঘটনায় এদিনই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে প্রথমে আটক করে পুলিশ এবং পরে তাকে গ্রেফতার করা হয়।