৪৫ বছরের বাম দুর্গে ধাক্কা, তিরুঅনন্তপুরম কর্পোরেশন দখল করল NDA, শশী থারুর বললেন ‘জনগণের রায়কে সম্মান’

বছর ঘুরলেই কেরলে বিধানসভা ভোট। তার ঠিক আগে স্থানীয় প্রতিষ্ঠানের ভোটের ফলাফলে দক্ষিণের এই রাজ্যে এক যুগান্তকারী রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। শনিবার কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম কর্পোরেশনের ভোটে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) বামদুর্গে ব্যাপক ধাক্কা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে, যা ৪৫ বছরের বাম শাসনের অবসান ঘটাল।
বাম-শাসিত কেরলে কেন্দ্রের শাসক শিবিরের এই জয় আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ।
তিরুঅনন্তপুরমের ফলাফল: তিরুঅনন্তপুরম কর্পোরেশনে মোট ১০১টি ওয়ার্ড রয়েছে। ফলাফল:
এনডিএ (NDA): ৫০টি ওয়ার্ড (বিজেপি জোট)
এলডিএফ (LDF): ২৯টি ওয়ার্ড (বামজোট)
ইউডিএফ (UDF): ১৯টি ওয়ার্ড (কংগ্রেস জোট)
অন্যান্য: ২টি ওয়ার্ড
এই পুরনিগমের ক্ষমতায় থাকা বামজোট এলডিএফ-এর আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই জয়ের গুরুত্ব আরও বেড়েছে।
প্রধানমন্ত্রী মোদী ও শশী থারুরের প্রতিক্রিয়া: এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্টে লেখেন, “ধন্যবাদ, তিরুবনন্তপুরম! তিরুবনন্তপুরম কর্পোরেশনে বিজেপি-এনডিএ যে ম্যান্ডেট পেয়েছে তা কেরালার রাজনীতিতে এক যুগান্তকারী মুহূর্ত।”
এদিকে, কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের সাংসদ কংগ্রেস নেতা শশী থারুর তাঁর কেন্দ্রে বামেদের পরাজয় ও বিজেপির এই জয় নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন:
গণতন্ত্রের সৌন্দর্য: “এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের রায়কে সম্মান করতে হবে, তা সে সামগ্রিকভাবে ইউডিএফের জন্য হোক বা আমার নির্বাচনী এলাকার বিজেপির জন্য।”
শাসক পরিবর্তনের ইঙ্গিত: তিনি আরও যোগ করেন, “আমি ৪৫ বছরের এলডিএফের দুঃশাসন থেকে পরিবর্তনের জন্য প্রচার চালিয়েছিলাম, কিন্তু ভোটাররা শেষ পর্যন্ত অন্য একটি দলকে পুরস্কৃত করেছেন, যারা শাসনব্যবস্থায় স্পষ্ট পরিবর্তন চেয়েছিল।”
সামগ্রিক কেরল চিত্রে কংগ্রেসের দাপট: তিরুঅনন্তপুরম জয় ছিনিয়ে নিলেও সামগ্রিকভাবে স্থানীয় নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের অঙ্ক উজ্জ্বল। কেরলে এ বার দুটি দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ৫০টি পুরসভায় এগিয়ে রয়েছে, অন্যদিকে বামেরা এগিয়ে ২৫টিতে। কোচি, ত্রিশূর, কোল্লমের বহু পুরনিগমে কংগ্রেস দাপট দেখাচ্ছে।
এই ফল নিয়ে শশী থারুর ইউডিএফকে অভিনন্দন জানিয়ে বলেন, “বিভিন্ন স্থানীয় সংস্থায় সত্যিকার অর্থে চিত্তাকর্ষক জয়ের জন্য UDFKerala-কে অনেক অভিনন্দন! রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটি একটি বিশাল সমর্থন এবং একটি শক্তিশালী সংকেত।”