আসানসোলে পুলিশ কমিশনারেটে বিশৃঙ্খলা, অনুমতি ছাড়া বিক্ষোভ ও ব্যারিকেড ভাঙার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশের অভিযোগ, এই কর্মসূচির জন্য বিজেপি আগে থেকে কোনো অনুমতি নেয়নি। উপরন্তু, পুলিশের ব্যারিকেড ভেঙে ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা অশান্তি সৃষ্টি করেছিল।

ঘটনার সূত্রপাত: গত বুধবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের টিরাট গ্রামে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে তৃণমূলের এক নেতা দলবল নিয়ে তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে আটকে রাখেন ও হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার বিজেপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দফতর ঘেরাওয়ের ডাক দেয়।

পুলিশ ও কর্মীদের মধ্যে ধস্তাধস্তি: বিএনআর মোড় থেকে প্রচুর বিজেপি কর্মী-সমর্থক মিছিল করে কমিশনারেটের দিকে এগোতে শুরু করলে পুলিশ অশান্তির আশঙ্কায় রাস্তায় ব্যারিকেড তৈরি করে। কিন্তু বিজেপি নেতা-কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এতে দু’পক্ষের বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হন।

স্বতঃপ্রণোদিত মামলা: এই ঘটনার পর শুক্রবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা সৈকত হাজরা সহ ছয়জন নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও শতাধিক অজ্ঞাত কর্মীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অশান্তি পাকানো, জমায়েত করা, অশান্তিতে ইন্ধন দেওয়াসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, “ওইদিন বিজেপির কর্মসূচির আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি। কর্মসূচি ঘিরে ব্যারিকেড ভাঙা, পুলিশকে হেনস্তা সহ অশান্তি করা হয়েছে। সেই কারণেই অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।”