শাহজাহান কেসের সাক্ষীকে খুনের চেষ্টা, ধৃত শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার সহ ২, ৯ দিনের পুলিশ হেফাজত

শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে খুন করার চেষ্টার অভিযোগে এবার গ্রেফতার করা হলো শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তম সর্দার এবং রুহুল কুদ্দুস তরফদারকে। এই ঘটনায় আগেই শেখ শাহজাহান ও তাঁর স্ত্রী সহ মোট ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল।
গ্রেফতার ও পুলিশ হেফাজত: শনিবার পুরোদমে তদন্ত চালিয়ে রুহুল কুদ্দুস তরফদারকে ন্যাজাট থানার রাজবাড়ির পুলিশ ফাঁড়ির সরবেড়িয়া এলাকা থেকে এবং উত্তম সর্দারকে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানার হাতিশালা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিনই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
উত্তম সর্দারের ভূমিকা: গ্রেফতার হওয়া উত্তম সর্দার শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে এর আগে সিবিআই-ইডির উপরে হামলার অভিযোগও ছিল। সেই মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘদিন জেল খাটার পর জামিন পান। এবার ফের উত্তমকে গ্রেফতার করায় রাজনৈতিক মহলে নতুন করে চাপান-উতোর শুরু হয়েছে।
সরকারি আইনজীবীর বক্তব্য: সরকারি আইনজীবী অরুণ কুমার পাল জানান, “এফআইআর কপিতে এদের নাম না থাকলেও এদের বিরুদ্ধে চক্রান্তে জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। ১৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল কিন্তু আদালত ৯ দিনের পুলিশ হেফাজত দিয়েছে। তদন্ত চলছে, দেখা যাক কী উঠে আসে।”
বিজেপির পাল্টা অভিযোগ: অন্যদিকে, সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র এই গ্রেফতারি নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, “ঘটনার পিছনে অনেক বড় মাথা রয়েছে। আসলে তাঁদেরই আড়াল করা হচ্ছে। যে ট্রাক চাপা দিয়ে পালিয়ে গেল তাঁকে তো পুলিশ এখনও গ্রেফতার করতে পারল না। আসলে ছোট ছোট মাথাগুলিকে গ্রেফতার করে বড় বড় মাথাগুলিকে ছেড়ে রেখে দিয়েছে। সন্দেশখালির পুলিশ-প্রশাসন আসলে তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে।”