‘অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে’, মেসি বিশৃঙ্খলা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মহম্মদ সেলিম

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার ঘটনা নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দলগুলি। বাম-বিজেপি সকলেই এই ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে।
এবার মুখ খুললেন সিপিএম-এর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার জাঙ্গিপাড়ার সভা থেকে তিনি যুবভারতীর ঘটনা প্রসঙ্গে প্রশ্ন তোলেন এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে সরাসরি আক্রমণ করেন।
মহম্মদ সেলিমের মন্তব্য: সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, “এই কি বাংলা ছিল? এই কি ফুটবলের মাঠ? এর আগে মারাদোনা আসেননি? পেলে আসেননি? এখানে বড় বড় ম্যাচ-স্পোর্টস ইভেন্ট হয়নি? সব কিছু দখল করবে তৃণমূল, আর সেটা টাকা রোজগারের জায়গা করবে।”
অরূপ বিশ্বাসকে গ্রেফতারের দাবি: তিনি সরাসরি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিশানা করে বলেন, “এখন অর্গানাইজারকে ধরে গ্রেফতার করছে। আসলে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে। তাঁকে পদত্যাগ করতে হবে। তৃণমূলের নেতারা যারা ফুলে ফেঁপে উঠেছেন, তাঁরা মেসিকে ঘিরে রেখেছে, বাকিরা কোথায় যাবে?”
‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ: সিপিএম নেতা ‘খেলা হবে’ স্লোগানকেও কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে এই স্লোগানের আজকে প্রদর্শন হচ্ছে। এই স্টেডিয়াম আমরা গড়ে তুলেছিলাম। তিল তিল করে গড়ে তোলা হয়েছিল সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে গণ উদ্যোগে। এখানে আমাদের রাজ্যের শিক্ষা যেমন ধ্বংস হয়েছে, তেমন স্বাস্থ্য ধ্বংস হয়েছে, সে রকম খেলাও ধ্বংস হয়েছে।”
মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রতিক্রিয়া: অন্যদিকে, যখন সিপিএম নেতা অরূপ বিশ্বাসকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন, সেই সময় মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যতক্ষণ তদন্ত চলছে, ততক্ষণ কোনও মন্তব্য করব না।”