ট্রেনে খাবারের মান নিয়ে নীরবতা ভাঙল IRCTC, যাত্রীদের জন্য আসছে হলদিরামস, ইসকন-এর মতো বিখ্যাত রেস্তোরাঁর খাবার

ট্রেনে খাবারের মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটাতে বড়সড় পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। যাত্রীদের জন্য দেশজুড়ে ‘প্রুফ অফ কনসেপ্ট’ (POC) চালু করেছে সংস্থাটি, যার মূল লক্ষ্য ট্রেনে পরিবেশিত খাবারের মানে আমূল পরিবর্তন আনা এবং যাত্রীদের তাজা, স্বাস্থ্যসম্মত ও রেস্তোরাঁ-স্তরের খাবার সরবরাহ করা।

এই যুগান্তকারী উদ্যোগের অংশ হিসেবে, আইআরসিটিসি দেশের নামী রেস্তোরাঁ চেইন ও ফ্লাইট ক্যাটারিং সংস্থাগুলির সঙ্গে বিশেষ অংশীদারিত্ব গড়ে তুলেছে। রেলওয়ে মন্ত্রকের অধীনে থাকা আইআরসিটিসি প্রতিদিন গড়ে প্রায় ১৬.৫ লক্ষ খাবার পরিবেশন করে। নতুন ব্যবস্থায় খাবার প্রস্তুত এবং পরিবেশনের দায়িত্ব আলাদা করা হয়েছে, যাতে রান্নাঘরের মান, স্বাস্থ্যবিধি ও স্বাদের উপর বিশেষভাবে নজর রাখা যায়।

যে ট্রেনগুলিতে মিলছে নতুন মেনু: এই পরীক্ষামূলক প্রকল্পটি দেশের বিভিন্ন রেলওয়ে জোনের নির্বাচিত কয়েকটি ট্রেনে, বিশেষত নতুন প্রজন্মের বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনগুলিতে চালু করা হয়েছে। এই ট্রেনগুলিতে হলদিরামস, এলিয়র, ক্যাসিনো এয়ার ক্যাটারার্স, ইসকন-সহ একাধিক পরিচিত খাদ্য ব্র্যান্ড খাবার সরবরাহ করছে। আইআরসিটিসি মনে করছে, এই ব্র্যান্ডগুলির প্রতি যাত্রীদের আস্থা থাকায় খাবারের মান নিয়েও আস্থার সৃষ্টি হচ্ছে।

আইআরসিটিসি জানিয়েছে, পিওসি-এর অধীনে রান্নাঘরের পরিকাঠামো, প্যাকেজিং এবং পরিবহণের প্রতিটি ধাপ খতিয়ে দেখা হচ্ছে। নতুন মেনুতে স্থানীয় স্বাদ, স্বাস্থ্যকর খাবারের বিকল্প এবং আকর্ষণীয় উপস্থাপনার উপর জোর দেওয়া হয়েছে।

সংস্থা দাবি করেছে, যাত্রীদের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত অত্যন্ত ইতিবাচক। স্বাদ, সতেজতা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে স্পষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই মডেল সফল হলে, ধাপে ধাপে দেশের অন্যান্য দূরপাল্লার ট্রেনেও এই উন্নত ক্যাটারিং ব্যবস্থা চালু করা হবে।