বউমা অন্যকে বিয়ে করে চলে যাওয়ায় ‘শুদ্ধিকরণ’, বীরভূমে নাতি ও ছেলেকে ২০ লিটার দুধ দিয়ে স্নান করালেন বৃদ্ধ!

দুই সন্তান ও স্বামীকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে চলে যাওয়ার ঘটনায় ক্ষোভে এক অভিনব ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করলেন শ্বশুরমশাই। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাঁধখেলা গ্রামে। শুক্রবার গ্রামবাসীদের জড়ো করে ২০ লিটার খাঁটি গরুর দুধ দিয়ে নিজের ছেলে ও নাতিকে স্নান করিয়ে এই শুদ্ধিকরণ সম্পন্ন করেন বৃদ্ধ নুরুল হোদা।

বৃদ্ধের দাবি ‘অশুদ্ধ’ হয়েছিলেন ছেলে ও নাতি:

বৃদ্ধ নুরুল হোদার দাবি, “ওই মহিলার সঙ্গে সংসার করে নাতি ও ছেলে অশুদ্ধ হয়ে গিয়েছিল। তাই গরুর দুধ দিয়ে স্নান করিয়ে তাদের শুদ্ধ করলাম।”

বাঁধখেলা গ্রামের বাসিন্দা নুরুল হোদা ২০০৭ সালে তাঁর ছেলে দিলওয়ার হোসেনের বিয়ে দিয়েছিলেন। তাঁদের ১৭ বছরের এক পুত্রসন্তান এবং ১৪ বছরের এক কন্যাসন্তান রয়েছে। কিছুদিন আগে দিলওয়ারের স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান। সেখানে গতকাল তিনি অন্য এক পুরুষকে বিয়ে করেন।

সেই খবর নুরুল হোদার কাছে পৌঁছানোর পরই তিনি এই সিদ্ধান্ত নেন। গ্রামের মাঝে ছেলে দিলওয়ার হোসেন ও তাঁর নাবালক পুত্রকে চেয়ারে বসিয়ে ২০ লিটার খাঁটি গরুর দুধ মাথায় ঢেলে স্নান করানো হয়। সেখানে ভিড় জমানো গ্রামবাসীরাও অনেকে তাঁদের মাথায় দুধ ঢেলে স্নানে সাহায্য করেন।

পরিবারের প্রতিক্রিয়া:

এই বিষয়ে দিলওয়ার হোসেন বলেন, “আমার ১৮ বছর আগে বিয়ে হয়েছিল। দুই ছেলে-মেয়ে রয়েছে। তারপরও স্ত্রী অন্যকে বিয়ে করে চলে গিয়েছে। তাই দুধ দিয়ে স্নান করলাম।”

দিলওয়ারের নাবালক পুত্র জানায়, “মায়ের জন্য বাড়ি থেকে বেরতে পারছি না। লোকে নানা কথা বলছে।”

Dipak Barman01
  • Dipak Barman01