কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে মুখোমুখি লড়াই! প্রাণে বাঁচলেও গুরুতর জখম ষাটোর্ধ্ব গণেশ, আতঙ্কে পাথরপ্রতিমা

সুন্দরবনের গভীর অরণ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পর প্রাণ হাতে কোনওরকমে ফিরলেন পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বাসিন্দা গণেশ মাইতি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাঘের আতঙ্ক নতুন করে বাড়িয়ে দিয়েছে।
জানা গিয়েছে, ষাটোর্ধ্ব গণেশ মাইতি একজন মৎস্যজীবী। তিনি প্রায়শই কলসের জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরে কোনো রকমে সংসার চালান। তবে এবার কাঁকড়া ধরতে গিয়েই তাল কাটে।
বাঘের আক্রমণ এবং গণেশের লড়াই
কলসের জঙ্গলে কাঁকড়া ধরার সময় তিনি ডোরাকাটা বাঘের সামনে পড়ে যান। উপস্থিত বুদ্ধির জোরে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করলেও বাঘটি সেখান থেকে সরেনি। উলটে বাঘটি ঝাঁপিয়ে পড়ে গণেশ মাইতির দিকে।
কিন্তু বরাতজোরে বাঘটি গণেশের গা ঘেঁষে বেরিয়ে যায়। তাতেই তাঁর হাত ও কাঁধ গুরুতর জখম হয় এবং রক্ত ঝরতে শুরু করে। দ্রুত তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমায় আনা হয়। সেখানে অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মুখে মুখে এখন গণেশ মাইতির সাহসিকতার গল্প ঘুরছে—কীভাবে তিনি বাঘের সামনে পড়েও প্রাণে বাঁচলেন।
অঞ্চলে আতঙ্ক বৃদ্ধি
কয়েকদিন আগেই এলাকায় বাঘ ঢুকেছিল বলে আতঙ্ক ছড়িয়েছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতেই গণেশ মাইতির ওপর বাঘের আক্রমণের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক বেড়েছে। ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানায় এই খবর জানানো হয়েছে এবং প্রশাসন সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। সকলে গণেশ মাইতির দ্রুত আরোগ্য কামনা করছেন।