“বেতন না পেলে কাজ করব না”! কুয়াশা উপেক্ষা করে প্রধান সড়ক অবরোধ কালচিনি চা বাগানের শ্রমিকদের

বেতন বকেয়া থাকার প্রতিবাদে কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানের শ্রমিকরা। এদিন সকালে কাজে না গিয়ে শ্রমিকরা বাগানের মালিকপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শ্রমিকদের অভিযোগ, দুটি ফোর্থ নাইটের বেতন—২২ নভেম্বর এবং ৭ ডিসেম্বরের—এখনও বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বাজার করা, ছেলেমেয়েদের স্কুলের খরচ সবই থমকে আছে।
প্রতিশ্রুতি ভঙ্গে ক্ষোভ চরমে
শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও সময়মতো বেতন দিচ্ছে না। সম্প্রতি ম্যানেজমেন্ট নোটিশ জারি করে জানায়, ১১ ডিসেম্বরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতির পরেও ১২ ডিসেম্বরেও (শুক্রবার) বেতন না মেলায় তাঁদের ক্ষোভ চরমে ওঠে। বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথে নেমেছেন।
এদিন সকালে ক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে বাগান চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এরপর তাঁরা কালচিনি নিমতি মোড় এলাকার রাজ্য সড়ক অবরোধ করে দেন। অবরোধের কারণে এলাকার স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয়দের মতে, ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানেই গত কয়েক বছরে আর্থিক সংকট ও মজুরি সমস্যা প্রকট হয়েছে। কালচিনি চা বাগানেও এই সমস্যা দীর্ঘদিনের। বারবার প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধান না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে। এখন শ্রমিক পরিবারগুলো তাকিয়ে আছে মালিকপক্ষের সিদ্ধান্তের দিকে—কবে অবরোধ প্রত্যাহার হবে এবং কবে তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।