“এটি খুন”! জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলায় অবশেষে চার্জশিট দাখিল, ধৃত ৭, কাদের নাম অভিযুক্ত হিসেবে?

সঙ্গীতশিল্পী জুবিন গর্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর তিন মাস পর অবশেষে এই মামলায় চার্জশিট দাখিল করল অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পূর্বে জুবিন গর্গের মৃত্যুকে “খুন” বলে মন্তব্য করার পর থেকেই এই মামলাটি নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। উৎসব শুরুর আগে স্কুবা ডাইভিং করার সময় তাঁর মৃত্যু হয়। প্রথমে মামলাটি ফৌজদারি ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু (CID মামলা) হিসেবে নথিভুক্ত করা হয়েছিল, তবে পরে এর সঙ্গে খুনের ধারাও যুক্ত করা হয়।

মুখ্যমন্ত্রীর দাবি: ‘ধৃতদের একজন হত্যা করেছে’

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মৃত্যুকে বারবার খুন বলে মন্তব্য করেছেন। তিনি বিধানসভায় ঘোষণা করেন, “ধৃতদের মধ্যে একজন তাঁকে হত্যা করেছে এবং অন্যরা সহায়তা করেছে।” মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, অমৃতপ্রভা মহন্ত এবং শেখর জ্যোতি গোস্বামী খুনের মামলায় আটক রয়েছেন।

এসআইটি এই মামলার চার্জশিট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি গৌহাটির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে জমা দিয়েছে।

গ্রেপ্তার ৭ জন, তালিকায় কে কে?

এই মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে:

শ্যামকানু মহন্ত: উৎসবের আয়োজক।

সিদ্ধার্থ শর্মা: জুবিন গর্গের ম্যানেজার।

সন্দীপন গর্গ: তাঁর তুতো ভাই এবং অসম পুলিশ সার্ভিসের অফিসার।

শেখর জ্যোতি গোস্বামী: তাঁর ব্যান্ডের সদস্য।

অমৃতপ্রভা মহন্ত: তাঁর ব্যান্ডের সদস্য।

পরেশ বৈশ্য: জুবিন গর্গের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার (PSO)।

নন্দেশ্বর বোরা: জুবিন গর্গের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার (PSO)।

চার্জশিট দাখিলের পর জুবিন গর্গের মৃত্যুর রহস্যের নতুন দিক উন্মোচিত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।