৫৮ লক্ষ ভোটারের নাম বাদ! আপনার নাম কি তালিকায় নেই? বুথে বুথে শুরু হলো জরুরি কাজ, জানুন কেন?

নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, তার আগেই এই বাদ-পড়া নামের তালিকা প্রতিটি বুথে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। শুক্রবার থেকে সেই কাজই শুরু করে দিয়েছেন কমিশনের নিযুক্ত বুথ লেভেল রেভেল রিভাইজিং অফিসাররা (BLRO)।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা থেকে বাদ পড়া মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন। এই বাদ পড়াদের মধ্যে রয়েছেন মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা।
‘ভুয়ো’ ভোটারের সন্ধানে কমিশনের নতুন অ্যাপ!
ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় সন্দেহজনক হিসেবে চিহ্নিত ভোটারদের নথি যাচাইয়ের জন্য কমিশন এবার BLRO-দের অ্যাপে ‘রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নামে একটি নতুন ট্যাব যুক্ত করেছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, কিন্তু এনুমারেশন ফর্ম পূরণ করেছেন এমন বহু ভোটার সন্দেহের তালিকায় রয়েছেন। তাদের নথিপত্র দ্রুত আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে BLRO-দের।
কমিশন ব্যাখ্যা করেছে, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে ভোটার ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা বা দাদা, দিদাকে আত্মীয় হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই ‘ভুয়ো’ ভোটারদের চিহ্নিত করতে, ফর্মে দেখানো আত্মীয়তার প্রমাণস্বরূপ নথি সংগ্রহ করে আপলোড করতে হবে।
কমিশন স্পষ্ট করেছে, খসড়া তালিকা প্রকাশের আগেই যেসব সন্দেহজনক ভোটার প্রমাণ-নথি জমা দেবেন, তাদের আর শুনানির মুখোমুখি হতে হবে না। ভোটারদের সুবিধার্থে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য BLRO-দের নির্দেশ দেওয়া হয়েছে।