শান্তিনিকেতনের পৌষমেলার প্রস্তুতি তুঙ্গে, দুর্নীতিমুক্ত মেলার জন্য বিশ্বভারতীর ঐতিহাসিক সিদ্ধান্ত

অপেক্ষার অবসান! আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। এবারের মেলাকে আরও সুষ্ঠু, দুর্নীতিমুক্ত ও দূষণমুক্ত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে মেলা সংক্রান্ত বিষয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একনজরে মেলা সংক্রান্ত প্রধান সিদ্ধান্তগুলি
মেলা নিয়ে দীর্ঘদিনের স্টল বুকিং সংক্রান্ত অভিযোগ দূর করতে এবং স্বচ্ছতা আনতে এবার পুরো প্রক্রিয়াটি ঢেলে সাজানো হয়েছে:

প্লট বুকিং: স্টল বুকিং হবে সম্পূর্ণ অনলাইনে।

অগ্রাধিকার: ২০২৪ সালের মেলায় যাঁরা স্টল দিয়েছিলেন, তাঁরা ১৫ ও ১৬ ডিসেম্বর প্লট বুক করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

সাধারণ বুকিং: ১৭ ডিসেম্বর থেকে সকলের জন্য অনলাইন বুকিং সাইট খুলে দেওয়া হবে।

ফি: প্লট বুকিংয়ের ফি গতবারের মতোই থাকছে।

সময়সীমা: মেলা শেষ হওয়ার পর অর্থাৎ ২৮ ডিসেম্বরের পর কোনোভাবে মেলা রাখা যাবে না।

কালোবাজারি ও দূষণ রুখতে বিশেষ কমিটি
মেলায় স্টল বুকিং নিয়ে একাধিক প্লট দখল বা চড়া দামে বিক্রির যে অভিযোগ প্রতিবার ওঠে, তা রুখতে বিশ্বভারতী কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়েছে।

দুর্নীতি দমন: প্লট বুকিংয়ের দুর্নীতি রুখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ২২ ডিসেম্বর থেকে মাঠে প্রদক্ষিণ করবে এবং খতিয়ে দেখবে যে যাঁরা প্লট বুক করেছেন, তাঁরাই স্টল দিয়েছেন কি না।

পরিবেশ দূষণ: ২০১৬ সালে জাতীয় পরিবেশ আদালতে হওয়া মামলার রায়ে বেঁধে দেওয়া দূষণবিধিগুলিও এই কমিটি খতিয়ে দেখবে এবং পরিবেশ দূষণ রুখতে বিশেষ ব্যবস্থা নেবে।

বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানান, “কোনোরকম কালোবাজারি চলবে না। অনলাইনে বুকিং হবে। প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ করতেও অনেক পদক্ষেপ করা হচ্ছে।”

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক (কাজল শেখ) উভয়েই সুষ্ঠু মেলা আয়োজনে সবরকম সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। বীরভূম জেলা পুলিশ সুপার (বোলপুর) রানা মুখোপাধ্যায় জানান, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, সাদা পোশাকের পুলিশ ও ওয়াচ টাওয়ার সহ সর্বক্ষণের পুলিশ ক্যাম্প থাকবে।